‘শিকার’-এর শুটিং শুরু করলেন অপু বিশ্বাস

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বড় পর্দায় তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ট্র্যাপ’। দীন ইসলাম পরিচালিত থ্রিলারধর্মী সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে দেখা যায়নি তাকে। তবে সে বিরতি কাটিয়ে বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী।

এরই মধ্যে নতুন সিনেমা শিকারের শুটিং শুরু করেছেন অপু বিশ্বাস। হিমালয়ের দেশ নেপালের পোখারায় ৯ আগস্ট সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণী, নীল আকাশ ও চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চলছে সিনেমাটির শুটিং। শুটিং শুরুর আগে নেপালে আয়োজন করা হয় শিকারের মহরত। সিনেমাটির মঙ্গল কামনায় দোয়া করেন নতুন নায়ক মুর্তজা পলাশ। পরে নারকেল ভেঙে সিনেমাটির শুভ সূচনা করেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।

কামরুজ্জামান রোমান পরিচালিত ও রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটির প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মাণ হচ্ছে শিকার। নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস সিনেমাটির দৃশ্যধারণ চলবে। আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। শিকারে অভিনয়ের সুযোগটি গল্পের কারণেই গ্রহণ করেছেন বলে জানান অপু বিশ্বাস। তার ভাষ্য, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। এ সিনেমার মাধ্যমে একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’

নাটকে একাধিকবার অভিনয় করলেও শিকারের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। এ সিনেমার চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতিও নিয়েছেন তিনি। নতুন এ নায়কের অভিষেকের পাশাপাশি সিনেমাটিতে কলকাতার শিল্পীদের উপস্থিতিও দর্শকের আগ্রহ বাড়াচ্ছে।

শিকারের পাশাপাশি অপুর হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ নামে দুটি সিনেমা। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত দুর্বারে তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেটে অপুর নায়ক আদর আজাদ।

আরও