নারীর নেতৃত্বের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’

নারীর নেতৃত্বের পথে সামাজিক প্রত্যাশা, কর্মক্ষেত্রের চাপ ও পারিবারিক দায়িত্ব কীভাবে অদৃশ্য বাধা হয়ে দাঁড়ায়, সেই বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’।

‘বিহান’-এ দুই কর্মজীবী নারী শিউলি ও রাখির জীবনসংগ্রাম উঠে এসেছে। পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক প্রত্যাশা, কর্মক্ষেত্রের পরিবেশ এবং নিজের সক্ষমতা নিয়ে তাদের দ্বিধা-দ্বন্দ্ব কীভাবে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে, গল্পে তা তুলে ধরা হয়েছে। নারীদের নেতৃত্বে এগিয়ে আসার পথে নানা বাধা তুলে ধরতে ‘রাইজ অ্যান্ড লিড’ উদ্যোগের আওতায় নির্মিত হয়েছে ‘বিহান’।

গতকাল রাত ৮টায় সংস্থাটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়েছে।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল ও নিশাত প্রিয়ম। পরিচালনা করেছেন হেমন্ত সাদীক। চিত্রনাট্য লিখেছেন শাওন কড়ি। চিত্রগ্রহণ করেছেন সাহিল রনি ও হৃদয় সরকার। এতে আরো অভিনয় করেছেন বাপ্পী আশরাফ, নাজমুল হাসান, আদনান চৌধুরী, প্রিয়ন্ময়ী প্রিয় ও সায়ান রহমান।

পরিচালক হেমন্ত সাদীক বলেন, ‘‌একজন নারী যখন নিজের কণ্ঠ ও শক্তিকে নতুন করে চিনতে শুরু করেন, তখন সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়। সেই ভাবনাই চলচ্চিত্রটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

তিনি বলেন, ‘‍বিহান’-এ নারীর ক্ষমতায়নকে নাটকীয় বক্তৃতা বা অসাধারণ কোনো ঘটনার মধ্য দিয়ে দেখানো হয়নি। বরং গল্পের সংগ্রামগুলো রাখা হয়েছে সাধারণ ও বাস্তব জীবনের কাছাকাছি। নিজের সক্ষমতাকে চিনতে পারার মধ্য দিয়েই অনেক সময় নেতৃত্বের শুরু হয়।’

অভিনেত্রী নিশাত প্রিয়মের মতে, চলচ্চিত্রটির চরিত্রগুলো দর্শকের কাছে পরিচিত মনে হবে। দক্ষ ও দায়িত্বশীল হওয়ার পরও নানা সামাজিক প্রত্যাশার সঙ্গে তাদের প্রতিনিয়ত লড়াই করতে হয়। নিজের ভেতরের শক্তিকে নতুন করে আবিষ্কারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের গল্প ‘বিহান’।

অন্যদিকে অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা বলেন, ‘‌নারীদের শুধু আত্মবিশ্বাসী হতে বললেই নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও পরিবার—সব জায়গাতেই পরিবর্তন প্রয়োজন।’

তার ভাষ্য, এমন একটি ব্যবস্থা দরকার, যেখানে নারীর সক্ষমতাকে স্বীকৃতি দেয়া হবে, যত্নের দায়িত্ব ন্যায্যভাবে ভাগ হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের যথাযথ ক্ষমতা দেয়া হবে।

আরও