মুক্তির প্রথম দিনেই বাংলাদেশে রেকর্ড গড়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটি স্টার সিনেপ্লেক্সসহ দেশের মাল্টিপ্লেক্সের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে আয়ের নতুন নজির স্থাপন করেছে।
ফেসবুকভিত্তিক বাংলা মুভি রিভিউ (বিআরএম)-এর দেয়া অনলাইন টিকিটিংভুক্ত মাল্টিপ্লেক্সের তথ্যানুযায়ী, গতকাল স্টার সিনেপ্লেক্সের ৬৫টি ও লায়ন সিনেমাসের দুটিসহ মোট ৬৭টি শো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬৫টি শো-ই ছিল হাউজফুল। এদিন গড় আসন পূর্ণতার হার বা অকুপেন্সি ছিল ৯৮ দশমিক ৮০ শতাংশ।
প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ৬৯ লাখ ৮৭ হাজার টাকা। এর মাধ্যমে শুধু সর্বোচ্চ ওপেনিং ডে নয়, নন-হলিডেতে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ একদিনের গ্রস কালেকশনের রেকর্ডও নিজেদের দখলে নিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
অ্যাডভান্স বুকিং শুরুর পর থেকেই সিনেমাটির টিকিটের ব্যাপক চাহিদা ছিল। দর্শকের চাপ সামাল দিতে শো বাড়ানো হলেও চাহিদা পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি। ফলে ধারণা করা হচ্ছে, আরো শো থাকলে প্রথম দিনের আয় আরো বেশি হতে পারত। এখন নজর দ্বিতীয় দিনের আয়েও, যা প্রথম দিনের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটিতে স্পাইডার-ম্যান বা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেনডায়া। পাশাপাশি জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলোও আগের কিস্তির পরিচিত চরিত্রে রয়েছেন।
স্পাইডার-ম্যান বা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেনডায়া
নতুন সংযোজন হিসেবে রয়েছেন ইমান এসফান্দি, সেডি সিঙ্ক এবং জন বার্নথাল। বার্নথাল আবারো বড় পর্দায় তার জনপ্রিয় ‘দ্য পানিশার’চরিত্রে হাজির হয়েছেন, যা মার্ভেল ভক্তদের জন্য অন্যতম আকর্ষণ।
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় দেখা যাবে, ডক্টর স্ট্রেঞ্জের মন্ত্রের কারণে বিশ্ব পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর একা হয়ে পড়া স্পাইডার-ম্যানকে নতুন এক শক্তিশালী ও রহস্যময় হুমকির মুখোমুখি হতে।
প্রযুক্তিগত দিক থেকেও নতুন ইতিহাস গড়েছে সিনেমাটি। এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ‘শট ফর স্ক্রিনএক্স’ প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউয়ে সিনেমা উপভোগ করতে পারেন।