মালয়ালমে চতুর্থ কিস্তি এলেও হিন্দিতে আগেই থামবে ‘দৃশ্যম’

চলতি বছরের শুরুতেই দুই সংস্করণের পার্থক্য স্পষ্ট করা হয়। জিতু জোসেফ পরিচালিত ও মোহনলাল অভিনীত মালয়ালম ‘দৃশ্যম ৩’ ভিন্ন গল্পের দিকে এগিয়েছে। অন্যদিকে হিন্দি ছবিটি আলাদা গল্প হিসেবে তৈরি করা হয়েছে। অভিষেক পাঠক আগে মালয়ালম সংস্করণটিকে আবেগনির্ভর পারিবারিক নাটক এবং হিন্দি সংস্করণকে পারিবারিক থ্রিলার হিসেবে বর্ণনা করেছিলেন।

হিন্দি ও মালয়ালম ভাষার ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি এখন ভিন্ন পথে এগোচ্ছে। তবে বলিউড সংস্করণটি তৃতীয় কিস্তির পর আর ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই পরিচালক অভিষেক পাঠকের। ২ অক্টোবর মুক্তির কথা রয়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ । ভ্যারাইটি ইন্ডিয়াকে পাঠক জানিয়েছেন, তৃতীয় কিস্তিই হিন্দি ‘দৃশ্যম’ গল্পের চূড়ান্ত পর্ব। অন্যদিকে মালয়ালম ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতো করে এগোবে।

অভিষেক পাঠক বলেন, ‘তারা হয়তো এমন একটি গল্প পেয়েছে, যেটি তারা সামনে এগিয়ে নিতে চায়। স্বাভাবিকভাবেই দুই গল্প এখন দুই ভিন্ন পথে এগোচ্ছে। তাদের চিত্রনাট্য ও গল্প সম্পূর্ণ আলাদা।’

চলতি বছরের শুরুতেই দুই সংস্করণের পার্থক্য স্পষ্ট করা হয়। জিতু জোসেফ পরিচালিত ও মোহনলাল অভিনীত মালয়ালম ‘দৃশ্যম ৩’ ভিন্ন গল্পের দিকে এগিয়েছে। অন্যদিকে হিন্দি ছবিটি আলাদা গল্প হিসেবে তৈরি করা হয়েছে। অভিষেক পাঠক আগে মালয়ালম সংস্করণটিকে আবেগনির্ভর পারিবারিক নাটক এবং হিন্দি সংস্করণকে পারিবারিক থ্রিলার হিসেবে বর্ণনা করেছিলেন।

এ ভিন্ন পথই তৃতীয় হিন্দি ছবিটিকে আরেকটি সিক্যুয়েলের দিকে না নিয়ে শেষ করার সিদ্ধান্তকে সহজ করেছে। নির্মাতা বলেন, ‘হিন্দি সংস্করণের নির্মাতা হিসেবে আমরা দর্শক যা আশা করেন, সেটিই দিতে চেয়েছি। আমরা যে পথে এগিয়েছি, সেটি দর্শকদের ভালো লাগবে বলেই মনে করি। এর পর আমি আর এটি করতে যাচ্ছি না। তাই হিন্দি “দৃশ্যম”কে আবার ফিরিয়ে আনার কোনো সম্ভাবনাই নেই।’

সিনেমার শিরোনামেও সেই সিদ্ধান্তের প্রতিফলন রয়েছে। শুরুতে ছবিটির নাম ‘দৃশ্যম ৩’ থাকলেও পরে আনুষ্ঠানিকভাবে নাম বদলে রাখা হয় ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। এতে ছবিটিকে হিন্দি ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় হিসেবেই তুলে ধরা হয়েছে।

ছবিতে বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। টাবু, শ্রিয়া সরণ ও রজত কাপুরও আগের চরিত্রে আছেন। নতুন করে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।

অভিষেক পাঠকের ভাষায়, ছবিটির সমাপ্তি গল্প খোলা রাখার কৌশল নয়, বরং সচেতন সৃজনশীল সিদ্ধান্ত। তিনি বলেন, ‘প্রতিটি গল্পেরই শেষ হওয়া দরকার। আমার মনে হয়, “দৃশ্যম”-এরও এখানেই শেষ। সবাই নিজের মতো করে সমাপ্তি পাবেন। এই ফ্র্যাঞ্চাইজিতে আর কোনো “দৃশ্যম” আসবে না।’

তার মতে, একটি গল্প সুন্দরভাবে শেষ করতে পারাটাও একজন নির্মাতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই প্রয়োজনের চেয়ে বেশি টেনে না নিয়ে এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আরও