পরিচালক হিসেবে করণ জোহরের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। ছবিটিতে বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকজন অভিনেতার কাছ গিয়েও সাড়া পাননি তিনি। শেষ পর্যন্ত চিত্রনাট্য পুরো না শুনেই অভিনয়ে সম্মতি দিয়েছিলেন সালমান খান। ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ মৌসুমের প্রথম পর্বে এ স্মৃতি তুলে ধরেন করণ।
সালমানের সঙ্গে কীভাবে কাজটি চূড়ান্ত হয়েছিল, তা স্মরণ করে করণ বলেন, একদিন সালমান তাকে হালকাচালে বলেছিলেন, ‘তুমি তো অনেকের কাছে ঘুরেছ, কাল এসে আমাকে ছবির গল্প শোনাও।’ এরপর সালমানের অ্যাপার্টমেন্টে গল্প শোনাতে যান করণ। তখন হলুদ রঙের শর্টস পরা ছিলেন ভাইজান। গল্পের পুরোটা শোনার আগেই ছবিতে অভিনয় করতে রাজি হয়ে যান তিনি।
করণ আরো জানান, বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক দেয়া হবে না জানার পরও সালমান ছবিটিতে কাজ করতে সম্মত হয়েছিলেন।
আলাপচারিতায় দুই তারকা তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক নিয়েও কথা বলেন। করণ স্মরণ করেন, সালমানের ‘হ্যালো ব্রাদার’ ছবির শুটিং চলাকালে প্রয়োজনীয় সরকারি অনুমতি পেতে তার বাবা নিজে মরিশাসে গিয়েছিলেন।
‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শেষ দৃশ্যের শুটিংয়ে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত কারিগরি সমস্যার কথাও স্মরণ করেন তারা। দৃশ্যটি ধারণ করতে গিয়ে ক্যামেরা অপারেটর ভুল করে পুরো অংশটি স্লো মোশনে শুট করেন। ফলে পুরো দৃশ্য আবার ধারণ করা ছাড়া কোনো উপায় ছিল না।
পরদিন অন্য একটি ছবির শুটিংয়ের সূচি নির্ধারিত থাকলেও সালমান তা এক দিন পিছিয়ে দেন। পুনরায় দৃশ্যটি ধারণের কাজ শেষ করতে তিনি সেটেই থেকে যান। তার এ সিদ্ধান্তে দৃশ্যটি নতুন করে শুট করা সম্ভব হয়।
‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি।