বুলেটপ্রুফ বারান্দা থেকে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন সালমান

এবার খোলা বারান্দার পরিবর্তে বুলেটপ্রুফ গ্লাসে আবৃত বারান্দা থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন এবং ঈদের শুভেচ্ছা জানান এই তারকা।

প্রতি ঈদেই বাড়ির সামনে ভিড় করা ভক্তদের সঙ্গে সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময় করেন বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খান। এবারও এর ব্যতিক্রম হয়নি। সেই ধারাবাহিকতা রক্ষা করে ঈদের দিন ভক্তদের বারান্দা থেকে শুভেচ্ছা জানিয়েছেন সালমান খান। তবে এবার খোলা বারান্দা থেকে নয়, এর পরিবর্তে ছিল বুলেটপ্রুফ গ্লাসে আবৃত বারান্দা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, প্রতিবছরের মতো ঈদের দিন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে ছুটে আসা এসব মানুষ 'ভাইজান'কে এক পলক দেখার জন্য রাত থেকেই অপেক্ষায় ছিলেন। তাদের প্রতিক্ষার প্রহর শেষ হয় ঈদের বিকেলে। সাদা পাঞ্জাবি-পাজামা পরে বারান্দায় এসে তাদের শুভেচ্ছা জানান সালমান। সঙ্গে ছিল ভাগনে আহিল ও ভাগনি আয়ত শর্মা। তবে প্রতিবারের মতো এবার খোলা বারান্দার পরিবর্তে বুলেটপ্রুফ গ্লাসে আবৃত বারান্দা থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন এবং ঈদের শুভেচ্ছা জানান এই তারকা।

বুলেটপ্রুফ কাঁচের পেছনে থেকে সালমানের ঈদ শুভেচ্ছার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, সালমান আয়তের সঙ্গে কথা বলছেন, আর গ্যালাক্সির বাইরের মানুষের ঢল দেখে দুই খুদেও অবাক! মামার দেখাদেখি তারাও হাত নাড়িয়ে ঈদ মোবারক জানাচ্ছে।

গত রোববার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান আর রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘সিকান্দার’। এ আর মুরুগাদস পরিচালিত ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করছে। ভাইজানের এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

আরও