তেহরানকে বার্তা দিতে চায় ভেনিস ফেস্টিভ্যাল

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাদের এ বছরের আসরের জন্য চারটি ইরানি সিনেমাকে বাছাই করেছে। সমালোচক-পর্যবেক্ষকরা বলছেন, এর মাধ্যমে তেহরানকে পরিষ্কার বার্তা দিল ভেনিস ফেস্টিভ্যাল।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাদের এ বছরের আসরের জন্য চারটি ইরানি সিনেমাকে বাছাই করেছে। সমালোচক-পর্যবেক্ষকরা বলছেন, এর মাধ্যমে তেহরানকে পরিষ্কার বার্তা দিল ভেনিস ফেস্টিভ্যাল। ইরানে সম্প্রতি পরিচালকদের যেভাবে গ্রেফতার ও কারাদণ্ড দেয়া হয়েছে তার নিন্দা জানাতেই ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে হলিউড রিপোর্টার। আগামী ৩১ আগস্ট শুরু হবে এ চলচ্চিত্র উৎসব।

খ্যাতিমান ইরানি পরিচালক জাফর পানাহিকে সম্প্রতি ছয় বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এ রায়ের পর পরই ভেনিস কর্তৃপক্ষ ঘোষণা দেয় এবারের উৎসবে তারা পানাহির নতুন সিনেমা নো বিয়ার প্রদর্শন করবে। এটাও পানাহির অন্য ছবিগুলোর মতো গোপনে শুটিং করা। কারণ ইরানে তার কাজ করার ওপর নিষেধাজ্ঞা আছে। এছাড়া আরেক ইরানি পরিচালক ভাহিদ জলিলবন্দের বিয়ন্ড দ্য ওয়াল সিনেমার প্রিমিয়ার হবে এ উৎসবে।

আরিয়ান ভাজিরদফতরির ‘উইদাউট হার’ রূপকাশ্রয়ী সিনেমা। এটি প্রদর্শিত হবে উৎসবের হরাইজনস এক্সট্রা বিভাগে। রোয়া নামের একট নারী ইরান ছাড়তে চাইছেন। এর মধ্যে তার দেখা হয় এক তরুণীর সঙ্গে যে তার সব স্মৃতি ভুলে যাচ্ছে। রোয়া উদ্যোগ নেন তরুণীকে নানাভাবে সাহায্য করতে।

হরাইজন বিভাগে প্রদর্শিত হবে ওয়ার্ল্ড ওয়ার থ্রি, পরিচালনা করেছেন হুমান সায়েদি। তবে এ ছবির গল্প সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

ইরানি পরিচালকদের উৎসবে গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল তেহরানে পরিচালকদের নিপীড়ন ও সেন্সরশিপের বিষয়ে বিতর্কটি উসকে দিল। সম্প্রতি জাফর পানাহি ছাড়াও ইরানের আরো দুজন পরিচালককে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

জাফর পানাহির ওপর ইরানের সরকারের রোষ নতুন নয়। এর আগে সরকারবিরোধী প্রতিবাদে যুক্ত থাকার অভিযোগে ২০১০ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেবারও তাকে ছয় বছর কারাদণ্ড দেয়া হয়। তিনি ইরান ত্যাগ করতে পারেন না, তার সিনেমা বানানোও নিষিদ্ধ। ২০১৫ সালে ট্যাক্সি সিনেমার জন্য বার্লিন উৎসবে পানাহি গোল্ডেন বিয়ার জিতেছিলেন।

 

সূত্র: হলিউড রিপোর্টার

আরও