ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন শিল্পী-নির্মাতারা

পপুলার বিভাগে সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন আফরান নিশো। ‘আকা’ সিরিজে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

দেশের ওটিটি ও ডিজিটাল প্লাটফর্মে কাজ করা শিল্পী, নির্মাতা ও কনটেন্টের স্বীকৃতি দিতে গতকাল রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেডের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কার দেয়া হয়।

পপুলার বিভাগে সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন আফরান নিশো। ‘আকা’ সিরিজে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন মোশাররফ করিম, নাসির উদ্দিন খান, মোস্তাফিজুর নূর ইমরান ও প্রীতম হাসান। একই সিরিজের জন্য পপুলার বিভাগে সেরা পরিচালক হয়েছেন ভিকি জাহেদ। এ বিভাগে মনোনীত অন্য নির্মাতারা হলেন অমিতাভ রেজা চৌধুরী, আশফাক নিপুন, নুহাশ হুমায়ূন ও শিহাব শাহীন।

পপুলার বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ‘নীল সুখ’ ওয়েব কনটেন্টে অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি। এ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান, তমা মির্জা, তানজিন তিশা ও রাফিয়াত রশিদ মিথিলা।

‘আমলনামা’র জন্য পপুলার বিভাগে সেরা পরিচালক হয়েছেন রায়হান রাফী। এসএম নজরুল ইসলামের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন তিনি। এ বিভাগে মনোনীত অন্য নির্মাতারা হলেন অনন্য প্রতীক চৌধুরী, জাহিদ প্রীতম, শিহাব শাহীন ও ভিকি জাহেদ। ওয়েবফিল্মটির গল্পে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত থাকা হাসানের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা এবং পরে তার নিখোঁজ হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষমতার অপব্যবহার ও প্রাতিষ্ঠানিক নিপীড়নের চিত্র উঠে এসেছে। এতে হাসান চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান কামু, তার স্ত্রী পারভীনের চরিত্রে তমা মির্জা।

ক্রিটিকস চয়েজে সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন মোশাররফ করিম। চরকির অ্যান্থলজি সিরিজ ‘২ষ’-এর ‘ভাগ্য ভালো’ পর্বে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এতে ভাইরাল হওয়া এক ভাগ্যগণনাকারীর চরিত্রে দেখা গেছে তাকে। এ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আফরান নিশো, নাসির উদ্দিন খান, মোস্তাফিজুর নূর ইমরান ও জাহিদ হাসান। একই সিরিজের জন্য ক্রিটিকস চয়েজে সেরা পরিচালক হয়েছেন নুহাশ হুমায়ূন। এ বিভাগে মনোনীত অন্য নির্মাতারা হলেন আশফাক নিপুন, রায়হান রাফী, সুকর্ণ শাহেদ ধীমান ও সৈয়দ আহমেদ শাওকী।

আমলনামার পারভীন চরিত্রে অভিনয়ের জন্য ক্রিটিকস চয়েজে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। এ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন মেহজাবীন চৌধুরী, জয়া আহসান, তানজিকা আমিন ও তানজিন তিশা। এ আয়োজনে এটি তমার দ্বিতীয় সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার। এর আগে ২০২১ সালে ‘খাঁচার ভেতর অচিন পাখি’র জন্য এ স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

ক্রিটিকস চয়েজে সেরা চলচ্চিত্র, নাটক বা সিরিজের পুরস্কার পেয়েছে সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত ‘ফেউ’। এ বিভাগে মনোনীত অন্য কাজগুলো হলো ‘২ষ’, ‘গুলমোহর’, ‘জিম্মি’ ও ‘নয়া নোট’। চরকির সাত পর্বের সিরিজটির পটভূমি সুন্দরবন অঞ্চল। ১৯৭৯ সালে পশ্চিমবঙ্গের মরিচঝাঁপি গণহত্যার প্রেক্ষাপট থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত কাহিনীতে রাষ্ট্রীয় সহিংসতা, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার দ্বন্দ্ব উঠে এসেছে।

অনুষ্ঠানে পপুলার, ক্রিটিকস চয়েজ, সংগীত ও ব্যক্তিগত ডিজিটাল কনটেন্টসহ মোট ২৮টি বিভাগে পুরস্কার দেয়া হয়। দর্শকের ভোটের পাশাপাশি বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। এছাড়া ছিল দুটি বিশেষ পুরস্কার।

আরও