আইরিশ লেখিকা স্যালি রুনি। ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করার কারণে বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি। যুক্তরাজ্যে তার বই বিক্রি বন্ধের সিদ্ধান্ত দিয়েছে দেশটির সরকার। তবে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা পল মেসকাল ও ডেইজি এডগার-জোনস। রুনির উপন্যাস নরমাল পিপল অবলম্বনে নির্মিত জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান এ দুই তারকা। যুক্তরাজ্যে রুনির বই বিক্রি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দেশটির সরকারের উদ্দেশে লেখা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন তারা। তাদের সঙ্গে রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসি বাকলি, নরমাল পিপল-এর পরিচালক লেনি আব্রাহামসনসহ আরো অনেকে।
চলতি মাসের শুরুতে রুনি জানান, যুক্তরাজ্যে তার বই প্রকাশের উদ্যোগ এখন ‘গুরুতর ফৌজদারি অপরাধ’ হিসেবে বিবেচিত হতে পারে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রকাশনা সংস্থা ফ্যাবারও এক বিবৃতিতে জানায়, দেশটির বর্তমান আইনের কারণে রুনির বই থেকে যুক্তরাজ্যে অর্জিত অর্থ তাকে দেয়া সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে যুক্তরাজ্যের বইয়ের দোকানগুলো থেকে তার বই সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রকাশনা সংস্থাটি।
রুনির প্রতি সংহতি জানিয়ে প্রকাশিত খোলা চিঠিটির শুরুতেই বলা হয়েছে, ‘স্যালি রুনি একজন লেখক, সন্ত্রাসী নন। তার বইগুলো জনসাধারণের জন্য সহজলভ্য থাকতে হবে।’
ব্রিটিশ সাময়িকী নিউ স্টেটসম্যান-এ প্রকাশিত চিঠিতে আরো বলা হয়েছে, ‘অপরিকল্পিত ও কঠোর সন্ত্রাসবিরোধী আইনের ভিত্তিতে তার বই বিক্রি বন্ধ করে দেয়া মতপ্রকাশের স্বাধীনতার মৌলিক নীতির প্রতি অবমাননা। এ স্বাধীনতাকে এত দিন যুক্তরাজ্যে স্বতঃসিদ্ধ বলে বিবেচনা করা হয়েছে।’
চিঠিতে স্বাক্ষর করেছেন চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, লেখক আরভিন ওয়েলশ, অভিনেত্রী সুসান সারান্ডন ও টিলডা সুইনটন। এছাড়া রয়েছে ব্যান্ড কিনিক্যাপ ও ম্যাসিভ অ্যাটাকের সংগীতশিল্পী রবার্ট ডেল নাজার নামও।
সূত্র: আইএমডিবি