গত রাতে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র। এ ড্রয়ের ফল প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। ধরে নেয়া যাক, টুর্নামেন্টের সব বড় দলই নিরাপদে তাদের গ্রুপ পর্ব পেরোতে সক্ষম হবে। অনুমানটা বিপজ্জনক হলেও সেই সাপেক্ষে শীর্ষ দলগুলোর মধ্যে দেখা হয়ে যাওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না।
ড্র অনুযায়ী, শেষ ১৬’তেই দেখা হতে পারে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্সের।
২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাদের সর্বশেষ দেখা হয়েছিল। সেবার ম্যাট হামেলসের হেডে পাওয়া গোলেই জার্মানি এগিয়ে যায় এবং ম্যাচ জিতে নেয়।
ড্র বলছে, জার্মানি যদি এবারও ইতিহাসের সেই ধারা বজায় রাখতে পারে, তারপরও ফাইনালে যাওয়ার পথে তাদের সামনে অপেক্ষা করছে নেদারল্যান্ডস ও স্পেনের মতো শক্ত প্রতিপক্ষ। সবচেয়ে সহজ গ্রুপে থেকেও নকআউট পর্বে জার্মানির পথ হবে সবচেয়ে দুর্গমগুলোর অন্যতম।
ড্রর অন্য অর্ধে নজরে থাকবে আরেক এক সম্ভাবনা—লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
যদি দুই দলই নিজেদের গ্রুপে শীর্ষে থেকে শেষ-৩২ এবং শেষ-১৬ পার হতে পারে, তবে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারে দুই মহাতারকা।
সম্ভবত এটিই হতে যাচ্ছে তাদের শেষ বিশ্বকাপ, আর সেই মঞ্চেই যদি হয় সরাসরি লড়াই—তাহলে তা ফুটবল ইতিহাসের স্মরণীয় দৃশ্য হয়েই থাকবে।
সবকিছুই নির্ভর করছে গ্রুপ পর্বের পারফরম্যান্সের ওপর। তবে নিশ্চিত একটাই—এই বিশ্বকাপে উত্তেজনা শুরু হবে অনেক আগেই, শেষ হবে শেষ বাঁশির সঙ্গে।