ব্যাংককে ঋতুপর্ণাদের উৎসাহ দিলেন বাফুফে প্রেসিডেন্ট

ভারতে চলতি মাসের শেষ দিকে বসছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ।

আসরটি সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। গতকাল মেয়েদের অনুশীলন শেষে ড্রেসিংরুমে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তিনি আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে খেলোয়াড়দের শুভকামনা জানান এবং উৎসাহ দেন।

ব্যাংককে অবস্থানকালে সকালে অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প পরিদর্শন করেন বাফুফে সভাপতি। সেখানেই অনুশীলন করছেন ঋতুপর্ণা-আফঈদারা। খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি অ্যালপাইন স্পোর্টস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদি সাক সুনতারোসের সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল। তিনি বাংলাদেশ নারী ফুটবল দলকে চমৎকার আতিথেয়তা ও সহযোগিতা দেয়ার জন্য অ্যালপাইন ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান।

আজ অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্পের মাঠে ব্যাংকক উইমেন্স লিগের টায়ার-১-এর দল ব্যাংকক উইমেন্স এফসির বিপক্ষে আরো একটি ক্লোজড ডোর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দ্বিতীয় জয়ের আশায় পিটার বাটলারের দল।

দুই সপ্তাহের কন্ডিশিনং ক্যাম্প শেষে ২১ মে ভারতের গোয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে ২৫ মে শুরু হবে এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৩১ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ৬ জুন ফাইনাল।

সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালে টানা দুবার সাফের শিরোপা জিতেছে লাল-সবুজরা। তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। প্রথমবারের মতো এএফসি উইমেন্স কাপ খেলে আসা ঋতুপর্ণারা আগের চেয়েও আত্মবিশ্বাসী হয়ে এবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নামবেন।

আরও