ইন্টার মিয়ামিতে মেসির ঝলমলে অভিষেক

অভিষেকেই ইন্টার মিয়ামিকে জেতালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

অভিষেকেই ইন্টার মিয়ামিকে জেতালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে বাঁকানো ফ্রি-কিক থেকে অনবদ্য এক গোল করেন তিনি। বাংলাদেশ সময় গতকাল ভোরে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকান দল ক্রুজ আজুলকে ২-১ গোলে হারায় ইন্টার মিয়ামি। 

মেসি ম্যাজিকে লিগ কাপের প্রথম ম্যাচ থেকেই ৩ পয়েন্ট তুলে নিল মিয়ামি। অথচ ম্যাচটি ড্র হওয়ার পথেই ছিল। ৪৪ মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে দেন রবার্ট টেইলর। কিন্তু খেলা শেষ হওয়ার ২৫ মিনিট আগে আজুলের উরিয়েল আনতুনা গোল পরিশোধ করেন। ইন্টারের গ্যালারি ও ড্রেসিংরুমে যখন রাজ্যের হতাশা তখনই দেবদূত হয়ে এলেন মেসি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আজুল গোলকিপারকে ফাঁকি দিয়ে বলকে জালে পাঠান ৩৬ বছর বয়সী সুপারস্টার। 

ইন্টারের ২০ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে কোনো সিট খালি ছিল না। দর্শকদের মধ্যে আলো ছড়ান বাস্কেটবল স্টার লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও টিভি স্টার কিম কারদাশিয়ান। মূলত মেসিকে দেখতেই মাঠে আসেন তারা। 

জয় শেষে মেসি বলেন, ‘আমরা এমন সূচনাই চেয়েছিলাম, যাতে এ মানুষগুলোকে জয় উপহার দিতে পারি। আমরা জানতাম, চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে সূচনা করা কতটা গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত শেষ দিকে আমরা জয় তুলে নিতে পেরেছি। আমি অনেক আনন্দিত।’

ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামের দর্শকরা কাল মেসির গোলের পর ধোঁয়া বোমা ফাটিয়ে উদযাপন করেন। কিছু দর্শক তো গোলের পর মাঠেই নেমে আসেন। 

গত রোববার মেসিকে ইন্টার মিয়ামির সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেয়ার পর থেকেই মূলত উৎসবের আমেজ চলছিল। মেসির গোলে ইন্টারের জয়ের মধ্য দিয়ে সেই উৎসব কাল পূর্ণতাই পেল। ইন্টার মিয়ামি ১২ ম্যাচের মধ্যে প্রথম জয় পাওয়ায় ও তা আবার মেসির গোলে আসায় সমর্থকদের আনন্দ যেন বহুগুণ বেড়ে যায়। 

পিএসজির সঙ্গে চুক্তি শেষে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে নাম লেখানো মেসি গত মঙ্গলবার প্রথমবার নতুন ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন।

বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের পিএসজিতে নাম লেখান মেসি। ফরাসি ক্লাবটির হয়ে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৩২ গোল করেন তিনি। পিএসজি অধ্যায় শেষে তার সৌদি আরবের ক্লাবে নাম লেখানোর গুজব ছিল। সেখানে আল হিলাল ক্লাব তাকে বছরে রেকর্ড ৪০ কোটি ডলার বেতন দিতে চেয়েছে। যদিও তিনি বেছে নেন ইন্টার মিয়ামিকে।  

এ প্রথম ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলছেন মেসি। তবে এখানে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না তার। বার্সার সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস গতকাল ৫৪ মিনিটের সময় বদলি হিসেবে নেমে খেলেছেন মেসির সঙ্গে। আরেক বার্সা সতীর্থ জর্ডি আলবাও এসে গেছেন, তিনি খেলবেন মঙ্গলবার। 

মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলো লিগ কাপে অংশ নিয়ে থাকে। মেজর লিগে ১১ ম্যাচে জয়হীন ইন্টার মিয়ামি রয়েছে টেবিলের তলানিতে।এ ক্লাবটিকে টেনে তোলার ভার এখন মেসির কাঁধে। 

আরও