গ্রিনল্যান্ড দখলকে ঘিরে ইউরোপের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে আপাতত সরে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির ‘ফ্রেমওয়ার্ক’ তৈরি হয়েছে। এর জেরে ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিনি স্থগিত করেছেন। খবর রয়টার্স।
ট্রাম্প বলেন, ‘এটা এমন একটি চুক্তি, যেটাতে সবাই খুশি। দীর্ঘমেয়াদি, এমনকি স্থায়ী চুক্তি বলা যায়। নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সবাই ভালো অবস্থানে থাকবে।‘ তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ড নিয়ে বলপ্রয়োগের কোনো ইচ্ছা তার নেই।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, ডেনমার্কের সঙ্গে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তার আলোচনায় আসেনি। বরং আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবেলা।
এদিকে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের স্থানীয় সরকার তাদের সার্বভৌমত্বের প্রশ্নে অনড় রয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ট্রাম্পের সুর নরম করাকে ইতিবাচক বললেও জানিয়েছেন, ডেনমার্কের অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষা করাই তাদের মূল লক্ষ্য।
ট্রাম্পের এই নমনীয় অবস্থানে বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। এই ঘোষণার পরপরই মার্কিন পুঁজিবাজারে বড় উত্থান লক্ষ করা গেছে। তবে বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউস থেকে চূড়ান্ত কোনো চুক্তির বিস্তারিত না আসা পর্যন্ত এই দীর্ঘমেয়াদী সংকটের অবসান এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।