এশিয়ান গেমসের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ দল এখনো পদক জয়ের স্তরে পৌঁছায়নি: বাটলার

পিটার বাটলার বলেন, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’

আসন্ন এশিয়ান গেমসের জন্য মেয়েদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মিডফিল্ডার মুনকি আক্তারকে এশিয়ান গেমসের দলে ফেরানো হয়েছে। নতুন মুখ হিসেবে এই স্কোয়াডে ডাক পেয়েছেন‎ অর্পিতা বিশ্বাস। অধিনায়ক হিসেবে থাকছেন মারিয়া মান্দা। ফরওয়ার্ডে তারকাদের মধ্যে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনরা প্রায় সবাই আছেন। এশিয়ান গেমস মিশনে রওনা হওয়ার আগে এই আসরে পদক জয়ের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন হেড কোচ পিটার বাটলার। তার মতে, বাংলাদেশ দল এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছায়নি।

সর্বশেষ সাফের স্কোয়াডে থাকাদের মধ্যে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ প্রীতি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় বসছে ২০তম এশিয়ান গেমস। এই আসরে বাংলাদেশের মেয়েরা সুযোগ পেলেও ছেলেদের দল নেই।

‎‎এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ এ অঞ্চলের পরাশক্তি উত্তর কোরিয়ার বিপক্ষে।

‎টুর্নামেন্টের প্রস্তুতি নিতে আজ রাতে চীন যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংঝু এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাটলারের শিষ্যদের।

আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও এশিয়ান গেমসের সম্ভাবনা নিয়ে কথা বলেন কোচ পিটার বাটলার। পদক জয়ের প্রশ্নে তিনি বলেন, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’

ব্রিটিশ এ কোচ মনে করেন চীনে দুটি প্রস্তুতি ম্যাচ দলের জন্য বেশ ইতিবাচক হবে। তার কথায়, ‘চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আমাদের আরো বেশি প্রয়োজন।’

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার। ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।|‎‎মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার। ‎ফরওয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণ চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সুলতানা।

আরও