ওয়েলিংটনে আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ১৯৯ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারেই ১১৮ রান করেন ভারতের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী, টি-টোয়েন্টিতে রেকর্ড। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ৪০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় অতিথিরা।
মাত্র ৩৮ বলে ৯ বাউন্ডারি ও ১১ ছক্কায় ১১৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে বিদায় নেন অভিষেক। তিনি ১৫ বলে ফিফটি ও ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটা তার চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি এবং এই ফরম্যাটে করেছেন ২২৩৬ রান। ক্যারিয়ারে বলের প্রায় দ্বিগুণ রান করেছেন অভিষেক। এর আগে ৩০ বলে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে তার , যা টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম। আইসিসির সহযোগী দেশ এস্তোনিয়ার সুনিল চৌহান (২৭ বল) ও তুরস্কের মুহাম্মদ ফাহাদের (২৯) আছে তার চেয়ে কম বলে সেঞ্চুরির কীর্তি।
আজ ১৯ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৫ রান করেন ১৫ বছর বয়সী বৈভব। অভিষেকের সঙ্গে মাত্র ৪৪ বলে ১৩৩ রানের জুটি গড়েন তিনি।
১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে নেয়া ভারত শেষ পর্যন্ত ১৩.২ ওভারে জয়ের লক্ষ্য ছুঁয়েছে।
এর আগে ড্যারিল মিচেল (৫২ বলে ৮৯), ফিন অ্যালেন (২৫ বলে ৪০) ও বেভন জ্যাকবসের (২৩ বলে ৩৯) ব্যাটে ভর করে ৩ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড।
আজকের এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০তে সিরিজ জয় নিশ্চিত করে ফেরেছে ভারত।