ইউএস ওপেন

টানা দ্বিতীয় ম্যাচে কিনওয়েনের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

শেষ আটে এলেনা রিবাকিনার মুখোমুখি হবেন ২২ বছর বয়সী কিনওয়েন। সাবেক চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়েছেন কাজাখস্তানের তারকা রিবাকিনা।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিগে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নাম লেখালেন চীনের ঝেং কিনওয়েন। টানা দুই ম্যাচে ৫-০ গেমে পিছিয়ে পড়েও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন কিনওয়েন। যুক্তরাষ্ট্রের তারকা ম্যাডিসন কিজকে হারানোর পর এবার তিনি বিদায় করলেন পোলিশ তারকা ইগা সিয়ানতেককে। আজ মঙ্গলবার সকালে শেষ ষোলোর ম্যাচে তিনি ৭-৫, ৬-৩ গেমে হারান ছয়বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন ইগা সিয়ানতেককে।

বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং একটি সময় র‍্যাংকিংয়ের চারে উঠেছিলেন। যদিও গত বছর কনুইয়ের অস্ত্রোপচারের পর তার ফর্ম পড়ে যায়, তিনিও নেমে যান র‍্যাংকিংয়ে একশর নিচে। সেখান থেকে লড়াই করে আবার সেরাদের কাতারে উঠে আসছেন। রোববার সকালে তৃতীয় রাউন্ডের ম্যাচে কিজের বিপক্ষে ৫-০ গেমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তিনি জয় নিয়ে কোর্ট ছাড়েন। আজ ভোরে আরেকবার বীরোচিত পারফর্ম করে তিনি শেষ আটে নাম লিখিয়েছেন।

শেষ আটে এলেনা রিবাকিনার মুখোমুখি হবেন ২২ বছর বয়সী কিনওয়েন। সাবেক চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়েছেন কাজাখস্তানের তারকা রিবাকিনা।

নাওমি ওসাকাকে বিদায় করেছেন এলেনা রিবাকিনা। ছবি: এপি

ফ্লাশিং মিডোর মূল রাউন্ডে উঠতে তিন রাউন্ডের কোয়ালিফাইং ম্যাচে জিততে হয়েছে কিনওয়েনকে। সব মিলে, টানা সাত ম্যাচ জিতেছেন তিনি। এই সাফল্যে তিনি উঠে আসবেন র‍্যাংকিংয়ের ৫০-এর মধ্যে। জয় শেষে কিনওয়েন বলেন, ‘আমি যত বেশি ম্যাচ খেলব, কোর্টে তত বেশি ছন্দ খুঁজে পাব।’

এদিকে, রাশিয়ান তারকা মিরা আন্দ্রিভা প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত জিতেছেন অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোতাপোভার বিপক্ষে। নিউইয়র্কে এটাই তার প্রথম কোয়ার্টার ফাইনাল।

কোয়ার্টার ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের তারকা কোকো গাফ। তিনি ৬-১, ৬-৪ গেমে হারান যুক্তরাষ্ট্রের ইভা জোভিচকে। তার জয়ে এটা নিশ্চিত হলো, ১৯৯৮ সালের পর এই প্রথম শীর্ষ ছয় বাছাই খেলোয়াড়ই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিনওয়েনের মতো অদম্য খেলোয়াড়।

কোয়ার্টার ফাইনালে মিরা আন্দ্রিভার মুখোমুখি হবেন কোকো গাফ।

আরও