সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। এই টেস্টে দুই দলে অভিষেক হচ্ছে তিনজনের। আয়ারল্যান্ডে টেস্ট ক্যাপ মাথায় পরেন জর্ডান নিল ও কেড কারমাইকেল। অন্যদিকে টাইগারদের টেস্ট একাদশে প্রথমবারের মতো এসেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
দেড়শ রানে ৪ উইকেট হারানো আয়ারল্যান্ড পরে ৫ উইকেট হারিয়ে দুশ রান পেরোয়। ২২২ রানে ৭ উইকেট হারানো অতিথিরা ব্যারি ম্যাকার্থি ও জর্ডান নিলের দৃঢ়তায় আড়াইশ রান তুলতে সমর্থ হয়। দিনের শেষ বলে তারা হারায় আরো এক উইকেট। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে প্রথম দিন শেষ করল আয়ারল্যান্ড।
বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ তিনটি, মুরাদ দুটি এবং তাইজুল ইসলাম ও নাহিদ রানা ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।
এর আগে ২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম ম্যাচ। এ পর্যন্ত পরিসংখ্যানে তিনটি টেস্ট জয়ের বিপরীতে আইরিহদের হার সাতটিতে।