জাপানের আইচি-নাগোয়া শহরে ১৯ সেপ্টেম্বর শুরু হবে ২০তম এশিয়ান গেমস। এশিয়ান গেমসের ফুটবলে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী দল। এ আসরে খেলতে বাংলাদেশী কন্টিনজেন্টের মধ্যে সবার আগে শুক্রবার রাতে জাপানে পৌঁছেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দারা।
চীনের গুয়াংঝুতে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি দুটি অনুশীলন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। এবার জাপানে গেমসের জন্য নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেবেন পিটার বাটলারের শিষ্যরা।
সম্প্রতি মেয়েদের ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে ‘বি’ গ্রুপে শক্তিশালী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াকে পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের আরেক প্রতিপক্ষ প্রতিবেশী দেশ মিয়ানমার।
এশিয়ান গেমসে এর আগে মাত্র একবার খেলেছে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচে এক ড্র ও দুই হারে বিদায় নিতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। জাপান, ভিয়েতনাম ও নেপালের গ্রুপে খেলে তিন ম্যাচে ১৫ গোল হজম করে তারা। তিন ম্যাচে ২৩ গোল করে সেবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া জাপানই শেষ পর্যন্ত স্বর্ণপদক জিতে নিয়েছিল।
এবার লাল-সবুজ জার্সিধারী মেয়েদের জন্য চ্যালেঞ্জটা আরো কঠিন। উত্তর কোরিয়া এ প্রতিযোগিতায় তিনবার চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে। দক্ষিণ কোরিয়া এশিয়ান গেমসে ১০ বার অংশ নিয়ে জিতেছে তিনটি ব্রোঞ্জপদক। মিয়ানমারের মেয়েরা এশিয়ান গেমস ফুটবলে একবার অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
নারী ফুটবলে অংশ নেবে ১২টি দল, যারা তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘বি’ গ্রুপ ছাড়া ‘এ’ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং ‘সি’ গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে তৃতীয় হওয়া তিন দলের দুটি পাবে নকআউটের টিকিট।
মূল আসর ১৯ সেপ্টেম্বর শুরু হলেও মেয়েদের ফুটবল শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ওসাকার নাগাই স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। এরপর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া ও ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে পিটার বাটলারের দল।
আগামী ২ অক্টোবর স্বর্ণের ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এশিয়ান গেমসের ফুটবল আসর।
প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এছাড়া তৃতীয় হওয়া তিনটি দলের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা আরো দুটি দল যাবে শেষ আটে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার গ্রুপ থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য কঠিন। তবে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুটির মধ্যে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা তো থাকছে ঋতুপর্ণাদের জন্যই।
এবারের এশিয়ান কাপের ফুটবলে খেলা হচ্ছে না বাংলাদেশ পুরুষ দলের। ১৬টি দলের অংশ নেয়ার কথা থাকলেও ড্রর আগে নাম প্রত্যাহার করে নেয় ইরাক। ছেলেদের আসরে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।
এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। ডিসিপ্লিনগুলো হলো আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফুটবল (নারী), ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, হকি (পুরুষ ও নারী), জুডো, কাবাডি (পুরুষ ও নারী), কারাতে, শুটিং, সার্ফিং, সুইমিং, টেবিল টেনিস, বিচ ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।