আলোনসো যুগের ইতি টানল রিয়াল, দায়িত্বে আরবেলোয়া

গুঞ্জন শোনা যাচ্ছিল, দলের ভেতরে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোনসোর সম্পর্ক মোটেও ভালো যাচ্ছিল না।

সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, দুই পক্ষের সম্মতিক্রমে কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আলোনসো। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ক্লাবেরই আরেক সাবেক ফুটবলার এবং রিয়াল কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়াকে।

সৌদি আরবের জেদ্দায় গত রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের মাশুল দিতে হলো জাবি আলোনসোকে। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, দুই পক্ষের সম্মতিক্রমে কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আলোনসো। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ক্লাবেরই আরেক সাবেক ফুটবলার এবং রিয়াল কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়াকে।

২০২৫ সালের মে মাসে বায়ার লেভারকুসেন থেকে রাজকীয়ভাবে মাদ্রিদে এসেছিলেন জাবি। শুরুতে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থেকে দুর্দান্ত সূচনা করেছিলেন তিনি। তবে গত দুই মাসে চ্যাম্পিয়নস লিগে একের পর এক হার এবং লিগে শীর্ষস্থান হারানোয় তার ওপর চাপ বাড়তে থাকে। বর্তমানে লিগ টেবিলে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।

গুঞ্জন শোনা যাচ্ছিল, দলের ভেতরে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোনসোর সম্পর্ক মোটেও ভালো যাচ্ছিল না। অনেক ফুটবলারই তার কঠোর কৌশলগত দর্শনের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। নভেম্বরে এক সাক্ষাৎকারে আলোনসো নিজেই স্বীকার করেছিলেন, রিয়ালের মতো ক্লাবে কোচের দায়িত্ব সামলানো কতটা মানসিক চাপের। শেষ পর্যন্ত বার্সার কাছে হারই তার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি এবং তিনি সবসময়ই আমাদের ক্লাবের মূল্যবোধকে প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে। তার এবং তার টেকনিক্যাল টিমের কাজের জন্য ক্লাব কৃতজ্ঞতা প্রকাশ করছে।‘

আলোনসোর বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল। আরবেলোয়া এর আগে রিয়ালের যুব একাডেমি ও রিজার্ভ টিম 'কাস্তিয়া' তে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন। বিশেষ করে ২০২২-২৩ মৌসুমে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ট্রেবল জেতা তাকে মূল দলের দায়িত্ব পেতে সাহায্য করেছে।

রিয়ালের উত্তপ্ত হট সিটে বসে আরবেলোয়া কি পারবেন বার্সার জয়রথ থামিয়ে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদকে ট্রফি জেতাতে? এখন সেদিকেই তাকিয়ে ভক্তরা।

আরও