এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি। ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপে ফাইনালে ওঠার কৃতিত্ব দেখাল পেপ গার্দিওলার দল।
ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন টিকে থাকল গার্দিওলার দলের। লিগ কাপ চ্যাম্পিয়ন দলটি স্বপ্ন দেখছে প্রিমিয়ার লিগ জয়েরও।
শনিবার ওয়েম্বলিতে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নাটকীয়তার জন্ম হয়। ৭৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে ফিন আজাজের করা দারুণ গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ৮২ মিনিটে জেরেমি ডোকুর শট সাউদাম্পটনের এক খেলোয়াড়ের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। এর ৫ মিনিট পরে ২০ গজ দূর থেকে নেয়া বুলেট গতির এক শটে ম্যানসিটিকে এগিয়ে দেন নিকো গঞ্জালেস (২-১)।
এদিন দারুণ পারফর্ম করে সিটিকে বাঁচিয়েছেন গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। নিকোর গোলের আগে দারুণ এক সেভ করেন তিনি।
আগামী ১৬ মে ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনাল। রোববার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও লিডস।