বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের প্রথম সেশনে ৫ উইকেট নেয়ার পর লাঞ্চ বিরতিতে ধারাভাষ্যকার ও স্ত্রী অ্যালিসা হিলি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানতে চান অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্কের কাছে। তাদের এ হৃদয়গ্রাহী আর হাস্যরসে ভরা আলাপচারিতা ক্রিকেট দুনিয়ায় বিনোদনের খোরাক তৈরি করে।
জবাবে স্টার্ক জানান, শুরুতে বল করার সুযোগ কাজে লাগিয়ে এবং প্রথম সেশনেই ৬ উইকেট নিয়ে তিনি বেশ সন্তুষ্ট। আগের ম্যাচের (ডারউইন টেস্ট) হতাশা পেছনে ফেলে লেংথ একটু সামনে রাখা এবং বাউন্সার বেশি ব্যবহারের কৌশল নিয়ে তারা সফল হয়েছেন বলে জানান ৩৬ বছর বয়সী স্টার্ক।
হিলি প্রশ্ন করেন, ‘গত রাতে আমি ডিনারের বিল দিয়েছি, এবার কি তবে তোমার পালা?’ স্টার্কের উত্তর ছিল, ‘তুমি বরং আমার চেয়ে বেশি খরচ করবে।’
এরপর টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করলে স্টার্ক বলেন, ‘এখানের উইকেট কিছুটা গ্যাবার (ব্রিসবেন) মতোই। তাই তো আমরা প্রথম সেশনের সুবিধাটা নিতে চেয়েছি। তুমি তো এতে অখুশি হতে পারো না। প্রথম সেশনে ৬ উইকেট, একে তুমি কীভাবে হারাবে? অবশ্যই রাগ করতে পারো। আশা করি আমরা এটি ধরে রাখব।’
সকালে মাত্র ২২ বলের মধ্যে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখান স্টার্ক। প্রথম বলেই বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামকে সাজঘরে ফেরান তিনি। এরপর গুনে গুনে তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকেও ফেরান তিনি। লিটন আউট হন ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে, সেটা ছিল স্টার্কের ২২তম বল! এরপর ইনিংসের শেষ উইকেট হিসেবে শরিফুল ইসলামকেও শিকারে পরিণত করেন এ দীর্ঘদেহী বামহাতি পেস বোলার।
এদিন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের ইতিহাস গড়েছেন স্টার্ক। ৫৬ ম্যাচে তার শিকার এখন ২৩০ উইকেট। তিনি টপকে যান প্যাট কামিন্স ও নাথান লায়নকে, যাদের দুজনেরই শিকার সমান ২২৫ উইকেট। ভারতের রবিচন্দ্র অশ্বিন ও যশপ্রীত বুমরাহ নিয়েছেন যথাক্রমে ১৯৫ ও ১৮৫ উইকেট। গতকাল ৬ উইকেট নিয়ে চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০২৫-২৭) উইকেট শিকারের চার্টে সবার ওপরে নাম লেখালেন স্টার্ক। ১০ টেস্টে তিনি নিয়েছেন ৫৪ উইকেট। ইংল্যান্ডের জস টাং ৫৩ উইকেট নিয়ে দুইয়ে অবস্থান করছেন।
স্বামীর এ অর্জনে খুশি হতেই পারেন ৩৬ বছর বয়সী অ্যালিসা হিলি, যিনি অস্ট্রেলিয়া জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। হিলি এ বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ধারাভাষ্যকার হিসেবে নতুন কর্মজীবন শুরু করেন।