ইউএস ওপেনে নারী এককের ফাইনালে মুখোমুখি হবেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা ও যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা।
বাংলাদেশ সময় আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নারী এককের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়েছেন। গতকার ফাইনালেও সাবালেঙ্কার কাছে হেরে যান পেগুলা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা।
সাবালেঙ্কা এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছেন যথাক্রমে ম্যাডিসন কিজ ও কোকো গাফের কাছে। আরেকটি ফাইনালে তিনি সামনে পেলেন আরেক আমেরিকানকে।
আরিনা সাবালেঙ্কা। ছবি: এপি
সাবালেঙ্কার মতোই প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন আনিসিমোভা। শেষ চারে তিনি ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে হারান চারবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে, যিনি ২০২১ সালের পর প্রথমবারের মতো গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল খেলেছেন।
গত জুলাই মাসে উইম্বলডন ফাইনালে পোল্যান্ডের ইগা সিয়ানতেকের কাছে ৬-০, ৬-০ গেমে বিধ্বস্ত হন আনিসিমোভা। ১১৪ বছরের ইতিহাসে তিনিই প্রথম উইম্বলডন ফাইনালে ডাবল ‘ব্যাগেল’ নিয়ে হেরেছেন। লজ্জাজনক সেই হারের ৫৪ দিন পর আবারো গ্র্যান্ডস্লাম ফাইনালে ফিরলেন। ফাইনালের টিকিট নিশ্চিত করার পর তিনি বলেন, ‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আশা তো চ্যাম্পিয়ন হওয়া, তবে আমি আমি আপাতত ফাইনালে উঠে শিহরিত।’