চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ফাইনাল জিতলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি নিতে অস্বীকার করেছে ভারতীয় দল। রোববার দুবাইয়ে অনুষ্ঠিত এই ফাইনাল শেষে ভারতীয় খেলোয়াড়েরা ট্রফি তুলতে অস্বীকৃতি জানালে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে অনুষ্ঠানটি শেষ হয় এক অভূতপূর্ব নাটকীয়তায়।
ভারতীয় দলের আপত্তির কারণ, ট্রফি তুলে দেয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভাপতি মহসিন নাকভির, যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতের এই প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, 'আমরা এসিসি চেয়ারম্যানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি, যিনি কিনা পাকিস্তানের অন্যতম নেতা। তাই তার হাত থেকে ট্রফি না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর মানে এই নয় যে, সেই ভদ্রলোক ট্রফি ও মেডেল সঙ্গে করে নিয়ে যাবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা আশা করি যত দ্রুত সম্ভব ট্রফি এবং মেডেল ভারতে ফেরত পাঠানো হবে।'
ঘটনার প্রতিবাদে বিসিসিআই নভেম্বর মাসে দুবাইতে অনুষ্ঠিতব্য আইসিসি সম্মেলনে 'অত্যন্ত গুরুতর এবং জোরালো প্রতিবাদ' জানাবে বলেও জানিয়েছেন তিনি।
দুবাই সময় রাত সাড়ে দশটার দিকে ম্যাচ শেষ হলেও পুরস্কার বিতরণীর জন্য অপেক্ষা করতে হয় প্রায় মধ্যরাত পর্যন্ত। প্রাথমিকভাবে এই বিলম্বের কারণ স্পষ্ট না হলেও, জল্পনা ছিল ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে চায় না। শনিবার এসিসির ওয়েবসাইটেও বিবৃতি দেয়া হয়েছিল যে, নাকভিই বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন।
অবশেষে পুরস্কার বিতরণী শুরু হলে কুলদীপ যাদব, অভিষেক শর্মা এবং তিলক ভার্মা মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তাদের ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন। এরপর পাকিস্তান দলের অধিনায়ক সালমান আঘা নাকভির হাত থেকে রানার্সআপ চেক নেন। এর পরই অনুষ্ঠান শেষ হয়ে যায়।
অনুষ্ঠানের সঞ্চালক সাইমন ডুল বলেন, 'আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার সংগ্রহ করবে না। এর মধ্য দিয়েই ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো।'
অনুষ্ঠান শেষে প্রেস কনফারেন্সে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, এমন ঘটনা তিনি আগে কখনো দেখেননি। তিনি বলেন, 'ক্রিকেট খেলা শুরু করার পর থেকে, এমনকি দেখা শুরু করার পর থেকে এমন কিছু দেখিনি যে একটি চ্যাম্পিয়ন দলকে তাদের প্রাপ্য, কষ্টলব্ধ ট্রফি দেয়া হলো না। আমি মনে করি এটা আমাদের প্রাপ্য ছিল। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না। যদি ট্রফির কথা বলেন, আমার ট্রফি ড্রেসিংরুমে বসে আছে, আমার সঙ্গে থাকা ১৪ জন খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, এরাই এই এশিয়া কাপের যাত্রায় আমার আসল ট্রফি।'
সূর্যকুমার আরো নিশ্চিত করেন, ট্রফি না নেয়ার সিদ্ধান্তটি দলগত এবং 'কেউ আমাদের এই কাজ করতে বলেনি।'
মঞ্চে দীর্ঘ নাটক চলার পর দেখা যায়, একজন কর্মকর্তা মঞ্চের উঁচু স্থান থেকে এশিয়া কাপের মূল ট্রফিটি সরিয়ে নিয়ে চলে গেলেন। কোনো ট্রফি না রেখেই ডায়াস ফাঁকা রাখা হয়। শেষ পর্যন্ত কোনো ট্রফি না নিয়েই ভারতীয় দল মঞ্চে ওঠে কাল্পনিক ট্রফি হাতে জয়ের উল্লাস করে এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি করল।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের তিনটি ম্যাচের কোনোটিতেই টস বা ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাইয়নি। পাকিস্তান কোচ মাইক হেসন এবং অধিনায়ক সালমান আগা এই আচরণের সমালোচনা করলেও ভারতের অবস্থান বদলায়নি। মাঠে দু'দলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও দেখা যায়, যার জেরে সূর্যকুমার এবং হারিস রউফকে গুনতে হয় জরিমানা।