ব্রাজিল জাতীয় দলের আসন্ন প্রশিক্ষণ ক্যাম্প থেকে বাদ পড়ে নিজের নীরবতা ভেঙেছেন নেইমার জুনিয়র। দলের অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ছাড়াই আগামী মার্চের ফিফা উইন্ডোর জন্য দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। সেলেসাওদের স্কোয়াড থেকে এমন নাটকীয়ভাবে বাদ পড়ার পর নিজের দুঃখ ও হতাশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রকাশ করেছেন নেইমার। খবর মার্কা।
নিজের প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ‘আমি বিষয়টি নিয়ে এখানেই কথা বলছি, কারণ এটাকে এভাবে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অবশ্যই আমি হতাশ এবং বিষণ্ণ যে আমাকে দলে ডাকা হয়নি। তবে প্রতিদিনের অনুশীলন, প্রতিটি ম্যাচ এবং কঠোর পরিশ্রমের ওপরই এখন আমার মনোযোগ। আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।‘
দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের প্রধান মুখ হিসেবে পরিচিত নেইমারের বাদ পড়া ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কোচ আনচেলত্তির এই সিদ্ধান্তকে একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পিএসজি ও বার্সেলোনার সাবেক এই তারকাকে ছাড়া ব্রাজিল দল কেমন খেলে, তা নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকে মনে করছেন, নেইমারের অভিজ্ঞতা ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দল ভুগতে পারে।
তবে নেইমার একে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন। বিশ্বকাপের আগে আর মাত্র একটি শেষ দল ঘোষণার সুযোগ রয়েছে। নেইমারের স্বপ্ন এখনো টিকে আছে এবং তিনি সেই শেষ সুযোগটি কাজে লাগিয়ে বিশ্বকাপ যাত্রার সঙ্গী হতে চান। তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য এখনো একটি সুযোগ বাকি আছে, আমার স্বপ্ন এখনো বেঁচে আছে। আমরা এই লড়াইয়ে সবাই একসাথে আছি।‘