রাংনিককে কোচ হিসেবে চায় বায়ার্ন মিউনিখ

অস্ট্রিয়া জাতীয় দলের কোচ রালফ রাংনিক নিশ্চিত করেছেন যে তাকে পরের মৌসুমে কোচ হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

অস্ট্রিয়া জাতীয় দলের কোচ রালফ রাংনিক নিশ্চিত করেছেন যে তাকে পরের মৌসুমে কোচ হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। যদিও এ পদটি তিনি গ্রহণ করবেন কিনা, সে ব্যাপারে এখনো নিশ্চিত নন। 

শিগগিরই বায়ার্ন মিউনিখের কোচের পদ খালি হবে। টমাস টুখেলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তার। এ চুক্তি আর নবায়ন করা হচ্ছে না। 

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ রাংনিক এরই মধ্যে অস্ট্রিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করেছেন। আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপে তিনি অস্ট্রিয়ার কোচ হিসেবে ডাগআউটে থাকছেন। 

টানা ১১টি লিগ শিরোপা জয়ের পর এবার লেভারকুসেনের কাছে হার মেনেছে বায়ার্ন মিউনিখ। হতাশাজনক এ লিগ মিশন টুখেলের অধ্যায়ের সমাপ্তি টানতে চলেছে। যদিও বাভারিয়ানরা এখনো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা ধরে রেখেছে। আর্সেনালকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে তারা শেষ চারে উঠেছে, যেখানে দলটি লড়বে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

বায়ার্নের আগ্রহ প্রকাশ করার বিষয় আর অস্ট্রিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে রাংনিক বলেন, ‘আমাদের সম্পর্কটি খুবই আস্থাশীল জায়গায় রয়েছে। আমার চিন্তায় এখন অস্ট্রিয়ান জাতীয় দল। আমরা পরিপূর্ণভাবে এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি। আমি এখানে খুবই ভালো আছি, খুবই স্বস্তিতে আছি। এ মুহূর্তে তাই অন্য কোনো কিছু নিয়ে নিবিড়ভাবে ভাবার সময় নেই।’

তাহলে বায়ার্নের কোচের পদটি নিয়ে ভাবার সময় কখন হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন বায়ার্ন বলবে: আমরা আপনাকে চাই। এবং তখন আমি নিজেকে প্রশ্ন করব: আমি কি সত্যিই এটা চাই? আমি যদি ভিন্ন কিছু করতেও চাই, তাহলে সবার আগে সেটি অস্ট্রিয়ান এফএর সঙ্গে আলোচনা করব আমি।’

২০২২ সালের এপ্রিলে অস্ট্রিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব নেন রাংনিক। এর আগে তিনি ম্যানইউর কোচ হিসেবে ব্যর্থ হন। তার অধীনে রেড ডেভিলরা ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থান পায়। পরে তার জায়গায় দায়িত্ব নেন এরিক টেন হ্যাগ। 

ম্যানইউ ছাড়াও জার্মান বুন্দেসলিগার ক্লাব শালকে, স্টুটগার্ট ও আরবি লিপজিগের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাংনিকের। এ কারণেই তাকে কোচ হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। 

জাতীয় দলের কোচ হিসেবে তিনি জার্মানি, ইতালির মতো বড় দলের বিপক্ষে জয় পেয়েছেন। তার দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলবে ফ্রান্স, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের গ্রুপে। 

রাংনিক ছাড়াও বায়ার্নের কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো কোচ জিনেদিন জিদান। আগ্রহ দেখাচ্ছেন আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। যদিও ৭৪ বছর বয়সী ওয়েঙ্গারকে নিয়ে খুব একটা আগ্রহী নন বায়ার্নের জেনারেল ম্যানেজার কার্ল হেইঞ্জ রুমেনিগে। 

আরও