ছবিতে দেখা যায়, পাঁচ মাস বয়সী লামেন ইয়ামালকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। আজ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন মেসি আর ইয়ামাল। ফাইনালের আগে সেই কিংবদন্তি ফটোগ্রাফ আর ইয়ামালকে নিয়ে কথা বলেছেন মেসি। বার্সেলোনার অনুজকে মেসি শুভকামনা জানালেও শিরোপার জন্য বিন্দুমাত্র ছাড় নেই! বলেছেন, ইয়ামালকে তিনি কাপ জিততে দেবেন না।
বার্সার লা মাসিয়ায় বেড়ে উঠে আজকের মহাতারকা হয়েছেন মেসি। সেখানে খেলেই আটবার ব্যালন ডি’অর জিতেছেন তিনি, গড়েছেন অসংখ্য রেকর্ড আর মাইলফলক। বার্সা ছেড়ে পিএসজি হয়ে মেসি এখন খেলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। বার্সার মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি এখন ১৯ বছর বয়সী ইয়ামালের। এরই মধ্যে বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা শিরোপাও জিতেছেন ইয়ামাল। স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।
২০০৭ সালে মনফর্তের তোলা ছবিটি ২০০৮ সালে বার্সেলোনার চ্যারিটি ক্যালেন্ডারে ছাপা হয়। ছবিটি সামনে আনেন ইয়ামালের বাবা। তিনি ইনস্টাগ্রামে আপলোড করার পর কেউ কেউ ভেবেছিলেন, এআই দিয়ে তৈরি। পরে সামনে আসে পেছনের ঘটনা। ইউনিসেফের এক অনুষ্ঠানে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগটা পেয়েছিল ইয়ামালের পরিবার।
শুক্রবার ফিফার একটি অনুষ্ঠানে ওই ছবি আর ফাইনালের প্রতিপক্ষ হিসেবে ইয়ামালকে নিয়ে মেসি বলেন, ‘সত্যি বলতে, ওই ছবিটা পাগলাটে, কারণ জীবন এমনই। ওই ছবি তোলার সময় সে ছিল শিশু, আর এখন আমি তার বিপক্ষে ফাইনালে খেলব। এটা পাগলাটে। সে এখন বিশ্বের সেরাদের একজন। তার জন্য শুভকামনা। তার জন্য যেটা ভালো, সেটা বার্সেলোনার জন্যও ভালো। আমরা একটা ভালো ম্যাচ খেলার চেষ্টা করব যেন সে নিজের সেরা খেলাটা খেলতে না পারে। তার জন্য আমার অশেষ শুভকামনা থাকবে। তবে এবার যাতে সে চ্যাম্পিয়ন হতে না পারে সেটা নিশ্চিত করতে আমরা নিজেদের সবটুকু নিংড়ে দেব।’
ওই ছবির ফটোগ্রাফার জোয়ান মনফর্তের মতে, কোনো অংকের অর্থই এমন একটি ছবির জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, ‘ভাগ্য তাদের একসঙ্গে নিয়ে এসেছিল। এ ছবি অন্য যেকোনো খেলোয়াড়ের সঙ্গে হতে পারত। কিন্তু এটা হলো লিওর (মেসি) সঙ্গে। নিশ্চিতভাবেই যদি ওই শিশুর পরিবারের পছন্দ করে নেয়ার সুযোগ থাকত তাহলে ছবিটা হতো রোনালদিনহো, জাভি কিংবা ইনিয়েস্তার সঙ্গে।’
মেসির বিদায়ের পর বার্সেলোনার মূল দলে আসেন ইয়ামাল। তার সঙ্গে খেলার সুযোগ না হলেও তাকে দূর থেকে অনুসরণ করার কথা বললেন আর্জেন্টিনা অধিনায়ক। বার্সার ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি বর্তমান দলের সুপারস্টার ইয়ামালকে নিয়ে বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। আমি তাকে অনুসরণ করি, কারণ সে এমন ক্লাবের হয়ে খেলে যেটাকে আমি ভালোবাসি। তার বয়স কেবল ১৯ বছর। তার সামনে পড়ে আছে পুরো ফুটবল ক্যারিয়ার।’