টেস্টে সাত হাজার রানের মাইলফলকে প্রথম বাংলাদেশী মুশফিক

মাইলফলক ছোঁয়ার আগে মুশফিকের টেস্ট রান ছিল ৬ হাজার ৯৭৬। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রান করে ৭ হাজার রানের ঘরে প্রবেশ করেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮ রানসহ ম্যাচ শেষে তার মোট রান দাঁড়ায় ৭ হাজার ১৮

টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মাইলফলকটি স্পর্শ করেন তিনি।

মাইলফলক ছোঁয়ার আগে মুশফিকের টেস্ট রান ছিল ৬ হাজার ৯৭৬। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রান করে ৭ হাজার রানের ঘরে প্রবেশ করেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮ রানসহ ম্যাচ শেষে তার মোট রান দাঁড়ায় ৭ হাজার ১৮।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি ও সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

টেস্টে মুশফিকের সেঞ্চুরি ১৪টি এবং ফিফটি ৩০টি। তিনটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে অপরাজিত ২১৯ রান তার ক্যারিয়ারসেরা ইনিংস।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে রানসংগ্রাহকদের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তার রান ৫ হাজার ২৯৩। তৃতীয় স্থানে থাকা তামিম ইকবালের সংগ্রহ ৫ হাজার ১৩৪ রান। এ ছাড়া সাকিব আল হাসানের রান ৪ হাজার ৬০৯।

এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০২৫ সালে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেন মুশফিক। এবার সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করে দেশের টেস্ট ক্রিকেটে আরেকটি ইতিহাস গড়লেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার।

আরও