মাদ্রিদ ডার্বিতে এক রোমাঞ্চকর লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে আটলেটিকো মাদ্রিদ। এই বিশাল জয়ে লা লিগা টেবিলে শীর্ষে থাকা রিয়াল তাদের প্রথম হারের স্বাদ পেল। মৌসুমের প্রথম ছয়টি ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচ জেতা রিয়ালের জয়যাত্রা এবার থামল।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাময় ম্যাচে আটলেটিকো ১-২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ফিরে এসে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে তারা ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে দিয়েগো সিমিওনের দল। ১৮ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থানে। তবে একটি ম্যাচ কম খেলেছে ব্লুগ্রানারা।
ম্যাচের শুরু থেকেই আটলেটিকোর আক্রমণাত্মক খেলার ফল মেলে ১৪ মিনিটে। রবিন লে নরম্যান্ডের হেড থেকে গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ২৫ মিনিটে কিলিয়ান এমবাপের অপ্রতিরোধ্য স্ট্রাইকে দ্রুত পাল্টা আক্রমণ থেকে সমতা ফেরে রিয়াল। এর ১১ মিনিট পর ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে আর্দা গুলার দুর্দান্ত ভলিতে গোল করে সফরকারীদের এগিয়ে দেন।
বিরতির আগে যোগ করা সময়ে আলেকজান্ডার সরলথ হেড থেকে গোল করে আটলেটিকোকে সমতায় ফেরান। মূলত এই গোলের পরই পাল্টে যায় আটলেটিকো শিবিরের শরীরী ভাষা। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যেই নাটকীয় মোড় নেয় খেলা। বক্সের মধ্যে প্রতিপক্ষ নিকো গঞ্জালেজের মুখে গুলারের পা লেগে যাওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ পেনাল্টি থেকে গোল করে আটলেটিকোকে ৩-২ গোলে এগিয়ে দেন।
৬৪ মিনিটে অসাধারণ ফ্রি-কিক থেকে টপ কর্নারে বল জড়িয়ে ব্যবধান আরো বাড়ান আলভারেজ। এই জোড়া গোলে আলভারেজ হয়তো গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের কাছে আতলেটিকোর পরাজয়ের সময় বিতর্কিত ডাবল-কিক পেনাল্টি মিসের হতাশা কিছুটা হলেও কাটিয়ে ওঠেছেন।
ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে দ্রুত পাল্টা আক্রমণে বদলী হিসেবে নামা আতোয়ান গ্রিজমান গোল করে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এবং ৫-২ গোলের বিশাল জয় নিশ্চিত করেন।
দিয়েগো সিমিওনের দলের কাছে এই মৌসুমে তার প্রথম হারের স্বাদ পেলেন রিয়াল কোচ জাবি আলোনসো। গ্রীষ্মে কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির কাছে হারই ছিল তার একমাত্র পরাজয়। দলের এই হার প্রাপ্য ছিল বলেও ম্যাচ শেষে স্বীকার করেন আলোনসো।
বার্সেলোনা রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলে তারা পয়েন্ট টেবিলে রিয়ালকে টপকে শীর্ষে উঠে আসার সুযোগ পাবে।