রিয়াল মাদ্রিদের ডাগআউটে আলভারো আরবেলোয়ার অভিষেকটা যে এতটা দুঃস্বপ্নের মতো হবে, তা হয়তো কেউই কল্পনা করেনি। কোপা দেল রে’র শেষ ১৬-র লড়াইয়ে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের ৪২ মিনিটে হাভিয়ের ভিয়ারের হেডে লিড নেয় স্বাগতিক আলবাসেতে। তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে পাওয়া ফিরতি বলে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। ৮২ মিনিটে রিয়াল রক্ষণভাগের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে হেফতে বেন্তাকুর এক জোরালো শটে আলবাসেতেকে পুনরায় ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
নাটকের তখনো বাকি ছিল। অতিরিক্ত সময়ে আরদা গুলারের কর্নার থেকে গঞ্জালো গার্সিয়ার দর্শনীয় হেডে রিয়াল ২-২ গোলে সমতায় ফিরলে মনে হয়েছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগে কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে দেন হেফতে।
হার দিয়ে ডাগআউটে যাত্রা শুরু রিয়ালের নতুন কোচ আরবেলোয়ার। ছবি- মার্কা
অভিষেক ম্যাচেই এমন পরাজয়ের সব দায় নিজের কাঁধে নিয়েছেন আরবেলোয়া। মূল দলের একাধিক তারকা খেলোয়াড়কে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠলেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। ম্যাচ শেষে আরবেলোয়া বলেন, ’এই হারের জন্য আমিই দায়ী। মাদ্রিদের মতো ক্লাবে ড্র মানেই ট্র্যাজেডি, আর সেখানে হার তো অসহনীয়। তবে আমি ব্যর্থতায় ভয় পাই না। এটি সফল হওয়ার পথের একটি অংশ মাত্র।‘
অধিনায়ক দানি কারভাহাল হতাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা একদম তলানিতে গিয়ে ঠেকেছি। দ্বিতীয় বিভাগের দলের কাছে হেরে বিদায় নেয়াটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক।‘
ম্যাচের ফলের পাশাপাশি মাঠের বাইরের ঘটনাও ছিল উদ্বেগজনক। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী স্লোগান দেয় আলবাসেতের একদল সমর্থক। আলবাসেতে ক্লাব কর্তৃপক্ষ দ্রুত এই ঘটনার নিন্দা জানিয়ে একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদের ১৮টি আইনি অভিযোগ জমা পড়েছে।