টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া ইতালিকে ফেরানোর দায়িত্ব পড়ল রবার্তো মানচিনির কাঁধে। তিন বছর পর ইতালি জাতীয় দলের দায়িত্বে ফিরছেন তিনি। একই সঙ্গে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রানিয়েরি। এফআইজিসি সভাপতি জোভান্নি মালাগো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
বার্সেলোনা ও ম্যানসিটির সাবেক কোচ পেপ গার্দিওলাকে প্রস্তাব দিয়েছিল ইতালি। যদিও তিনি রাজি হননি। আন্দ্রে পিরলোর সঙ্গে আলোচনাটাও ফলপ্রসূ হয়নি। এরপর আলোচনায় আসেন মানচিনি। তিন বছর আগে সৌদি আরবের আকর্ষণীয় প্রস্তাব লুফে নেন তিনি। সৌদি আরবে এক বছর কাজ করার পর তিনি কাতারের আল সাদের দায়িত্ব নেন।
মানচিনির অধীনে ৩৭ অপরাজিত থাকার নতুন এক রেকর্ড গড়েছিল ইতালি। তার ওপর আবারও আস্থা রাখছে এফআইজিসি।
নতুন টেকনিক্যাল ডিরেক্টর ৭৪ বছর বয়সী রানিয়েরি ২০২৪ সালে কোচিং থেকে অবসর নিয়েছিলেন, পরে গত নভেম্বরে তার প্রিয় ক্লাব রোমার অনুরোধে মৌসুম শেষ করতে ফিরে আসেন।
বুধবার সন্ধ্যায় মানচিনি ও রানিয়েরিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করবে এফআইজিসি।