ভঙ্গুর আর্জেন্টিনাকে হারানো সম্ভব: সুইস কোচ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়ে গেছে।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ‘ভঙ্গুর’ বলে মন্তব্য করে তাদের দুর্বলতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। আগামীকাল সকালে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না। তবে শেষ দুটি ম্যাচে স্পষ্ট হয়েছে, আর্জেন্টিনা ভঙ্গুর। তাদের হারানো সম্ভব।’

এবারের বিশ্বকাপে নকআউট পর্বে প্রত্যাশামতো স্বচ্ছন্দে ছিল না আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে এবং শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে কোনোমতে শেষ আটে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। বিশেষ করে মিসরের বিপক্ষে ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর নাটকীয় প্রত্যাবর্তন করে জয় তুলে নিতে হয়েছে তাদের।

অন্যদিকে সুইজারল্যান্ডও সহজ পথ পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনালে আসেনি। রাউন্ড অব ৩২-এ আলজেরিয়াকে ২-০ গোলে হারালেও শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা।

তবে নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী ইয়াকিন। তার ভাষায়, ‘আমার মনে হয় আমরা প্রতিপক্ষের সম্মান আদায় করে নিয়েছি। কৌশলগত দিক থেকে এটি খুবই আকর্ষণীয় একটি ম্যাচ হবে। বিশ্ব চ্যাম্পিয়নদের চাপে ফেলতে আমরা সক্ষম।’

সুইজারল্যান্ডের জন্য ম্যাচটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সুইজারল্যান্ডের মতো একটি দেশের জন্য আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা বিশাল একটি মুহূর্ত। তাই প্রত্যাশাও অনেক বেশি। এখনো মনে হচ্ছে, আমাদের সঙ্গে ঠিক কী ঘটছে, সেটি পুরোপুরি উপলব্ধি করতে হয়তো আরো কয়েক ঘণ্টা, এমনকি একটি দিনও লাগবে।’

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচটি ছিল বিতর্কেও ঘেরা। ম্যাচে মিসরের একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর বাতিল হয়। অন্যদিকে আর্জেন্টিনার একটি গোলের আগে নিজেদের পেনাল্টি বক্সে ফাউলের দাবি তুলেছিলেন মিসরের খেলোয়াড়রা। কিন্তু সেই আবেদন নাকচ করে গোলটি বহাল রাখেন ম্যাচ কর্মকর্তারা।

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জেনেও আত্মবিশ্বাস হারাচ্ছে না সুইজারল্যান্ড। ইয়াকিনের বিশ্বাস, আর্জেন্টিনার সাম্প্রতিক দুর্বলতা কাজে লাগাতে পারলে আরেকটি অঘটন ঘটানো সম্ভব। গোল ডটকম

আরও