ম্যাচের দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে দর্শক সারিতে উল্লাসের বন্যা বয়ে দেন লিওনেল মেসি। আর প্রথমার্ধে একটি গোলে সহায়তাও করেন তিনি। ফুটবলের এ মহাতারকার নৈপুণ্যে গতকাল রাতে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। খবর এপি।
প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। বিরতির ঠিক আগে মেসি ও লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন জার্মান বারতেরামে। এমএলএসে নিজের প্রথম ২৬ ম্যাচে এটি তার নবম গোল।
এ অ্যাসিস্টের মাধ্যমে লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ওঠেন মেসি। লিগে এটি ছিল তার ১৫তম অ্যাসিস্ট। টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করা লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় তিনি।
এরপর ৫৬ ও ৬০ মিনিটে গোল করে নিজের গোলসংখ্যা ২৪ ও ২৫-এ নিয়ে যান মেসি। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। দুটি গোলেই সহায়তা করেন বারতেরামে। মেসির দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট ছিল সুয়ারেজেরও।
গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। লিগের ইতিহাসে তিনিই ও হোসেফ মার্তিনেজ একমাত্র খেলোয়াড়, যারা নিয়মিত মৌসুমে দুবার অন্তত ২৫টি করে গোল করেছেন।
মৌসুমে গোল ও গোলে সহায়তা মিলিয়ে মেসির অবদান এখন ৪০টি। অবশ্য ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া রেকর্ড থেকে তিনি এখনো ৯টি অবদানে পিছিয়ে। মায়ামির এ তারকার হাতে রেকর্ড ভাঙার জন্য বাকি আছে চারটি ম্যাচ।
বারতেরামের অ্যাসিস্টের সংখ্যা এখন আটটি। অন্যদিকে সুয়ারেজ নিজের ক্যারিয়ারে এক মৌসুমে সর্বোচ্চ ১১টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন।
মায়ামির গোলরক্ষক ডেইন সেইন্ট-ক্লেয়ার দুটি শট ঠেকিয়েছেন। তবে ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে ফাফা পিকোর গোলের পর আর ক্লিনশিট ধরে রাখতে পারেনি মায়ামি।
আটলান্টা ইউনাইটেডের গোলরক্ষক লুকাস হয়োস দুটি শট ঠেকিয়েছেন। সেপ্টেম্বরের শুরুতে নিজেদের মাঠে মায়ামির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল আটলান্টা। এবার অবশ্য হার নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের।