চ্যাম্পিয়নস লিগ

শেষ মুহূর্তের গোলে বার্সাকে হারানোর পর 'আবারো সব জিততে চায়' পিএসজি

ম্যাচটি এগোচ্ছিল ড্রয়ের দিকে। আর ঠিক তখনই আঘাত হানেন রামোস। ৮৯তম মিনিটে আশরাফ হাকিমির ক্রস থেকে ফার্স্ট টাচে দুর্দান্ত ফিনিশ করেন পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস। এই গোলের ফলেই পিএসজি তাদের ৩ পয়েন্ট নিশ্চিত করে নেয়।

এ মুহূর্তে তর্কযোগ্যভাবে ইউরোপের সবচেয়ে আক্রমণাত্মক দুই দলের লড়াইয়ে অনেক গোলের আশায় হয়তো খেলা দেখতে বসেছিলেন অনেকেই। লম্বা ইনজুরির লিস্টের কারণেই হয়তো গোল হয়েছে মোটে ৩টি। আর সেখানে শেষ মুহূর্তে শেষ হাসি হাসলো পিএসজি। বার্সেলোনাকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এ মৌসুমেও সবকিছুই জিততে চায়।

চ্যাম্পিয়নস লিগের অন্যতম ফেভারিট বার্সেলোনার বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে গনসালো রামোসের গোলে জয় ছিনিয়ে নিল বর্তমান ট্রফি জয়ী দলটি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে বার্সেলোনার বিরুদ্ধে তাদের নিজেদের মাঠে শেষ মিনিটের গোলে কোনো অ্যাওয়ে দলের জেতার এটিই প্রথম নজির।

ম্যাচ শেষে জয়সূচক গোলদাতা রামোস বলেন, 'আমার মনে হয় আমরা জয়ের যোগ্য ছিলাম। আমরা ওদের চেয়ে ভালো খেলেছি। আমরা নিজেদের খেলাটা খেলেছি।' গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ও কাপসহ ট্রেবল জেতা পিএসজির লক্ষ্য এবার আরো বড়। রামোসের কথায় সেই ইঙ্গিত স্পষ্ট, 'আমরা সবকিছু আবার জিততে চাই। গত মৌসুমের সাফল্যে আমরা সন্তুষ্ট নই। আমরা আরো জিততে চাই।'

বার্সেলোনার সাময়িক হোম গ্রাউন্ড 'এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ'-এ সবার নজর ছিল এ ম্যাচের দিকে। ঘরের দল বার্সা শুরুটা করেছিল দুর্দান্ত। বাঁ প্রান্ত থেকে মার্কাস রাশফোর্ডের নিখুঁত পাস খুঁজে নেয় ফেরান তোরেসকে, আর বার্সা ফরোয়ার্ড স্লাইড করে বল জালে জড়িয়ে দেন।

ফেরান তোরেসের গোলে লিড নেয় বার্সা। ছবি- এপি

তবে, গতবারের ট্রেবল জয়ী পিএসজিকে হারানো যে সহজ নয়, সেটাও দ্রুতই প্রমাণিত হলো। একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটজনিত অনুপস্থিতি সত্ত্বেও ফরাসি চ্যাম্পিয়নরা নিজেদের জাত চেনালো। দলের পক্ষে সমতা ফেরান ১৯ বছর বয়সী সেনি মেয়ুলু। নুনো মেন্ডেসের দুর্দান্ত সলো রানের পর দেয়া পাস থেকে বল পেয়ে মেয়ুলু তা জালে জড়ান। চ্যাম্পিয়নস লিগে এটি মেয়ুলুর দ্বিতীয় গোল, আর প্রথমটি এসেছিল মিউনিখের ফাইনালে।

ম্যাচটি এগোচ্ছিল ড্রয়ের দিকে। আর ঠিক তখনই আঘাত হানেন রামোস। ৮৯তম মিনিটে আশরাফ হাকিমির ক্রস থেকে ফার্স্ট টাচে দুর্দান্ত ফিনিশ করেন পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস। এই গোলের ফলেই পিএসজি তাদের ৩ পয়েন্ট নিশ্চিত করে নেয়। পিএসজি এখন ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে, আর বার্সেলোনা ৩ পয়েন্ট নিয়ে রইল দ্বিতীয় স্থানে।

গত মৌসুমে ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজি যে এবারো 'টিম টু বিট', তা ফের প্রমাণিত হলো। অথচ এই ম্যাচে পিএসজি দলে ছিলেন না প্রথম পছন্দের আক্রমণভাগের তিন তারকা— কাভিশা কাভারাস্খেইয়া, ব্যালন ডি'অর জয়ী উসমান ডেম্বেলে এবং দেজিরে দুয়ে— সহ অধিনায়ক মার্কুইনহোস এবং ওয়ার্ম-আপের সময় চোট পাওয়া জোয়াও নেভেস।

আরও