হামজারা যুক্ত হবেন জাকার্তায়

ফিফা আসিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ত ফুটবল দল

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ।

ওই আসর সামনে রেখে শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছে জাতীয় দল। প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ফুটবলারের ২৭ জনই দলের অনুশীলনে যোগ দিয়েছেন। স্ত্রীর অস্ত্রোপচারের কারণে গোলকিপার মিতুল মারমা একটু দেরিতে যোগ দেবেন। হামজা চৌধুরী, সমিত সোমসহ প্রবাসী ও বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলাররা সরাসরি ইন্দোনেশিয়ায় মূল দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে।

ফিফা আয়োজিত আসিয়ান কাপ সামনে রেখে দলের অনুশীলনে নতুন কোচ থমাস ডুলি আপাতত বল দখলের অনুশীলনের চেয়ে ম্যাচের ধকল সামলে নেয়ার ওপরই জোর দিচ্ছেন।

বৃহস্পতিবার জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও জামাল ভূইয়া, তপু বর্মণদের মাঠের অনুশীলন শুরু হয় শুক্রবার। কিংস অ্যারেনায় খেলোয়াড়দের নিয়ে প্রথমবার অনুশীলনে নামেন ডুলি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় খেলোয়াড়দের শারীরিক অবস্থা বুঝে অনুশীলনের মাত্রা নির্ধারণ করছে কোচিং স্টাফ। ধীরে ধীরে বাড়ানো হবে অনুশীলনের তীব্রতা।

গত ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর কথা থাকলেও ক্লাবগুলোর প্রস্তুতির অভাবে টুর্নামেন্টটি বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আবার সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঘরোয়া মৌসুম শুরুর কথা। তখন জাতীয় দল থাকবে ইন্দোনেশিয়ায়। ফলে লাল-সবুজদের ম্যাচ খেলার ঘাটতিটা থাকছেই।

এমন পরিস্থিতিতে শুধু অনুশীলনের ওপর নির্ভর না করে প্রস্তুতি ম্যাচ খেলার তাগিদ দিচ্ছেন জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ।

অনুশীলনে থাকা ঘরোয়া ক্লাবগুলোর বিপক্ষে খেলতে পারলে ফুটবলারদের ম্যাচের ছন্দে ফেরা সহজ হবে বলে মনে করেন তিনি। তপু বর্মণ বলেন, ‘যত তাড়াতাড়ি আমরা ম্যাচ ফিটনেসটা নিয়ে আসতে পারব তত ভালো। আমরা যদি কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি—স্পেশালি আমাদের যে ক্লাবগুলো আছে, যারা এখন শুরু করে দিয়েছে, তাদের সঙ্গে যদি আমরা ট্রেনিং ক্যাম্প চলাকালে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে থাকি, তাহলে আমার কাছে মনে হয় খুবই ভালো হবে।’

আসিয়ান কাপ শুরুর আগে চার-পাঁচ সপ্তাহ সময় পাচ্ছেন ডুলি। এ স্বল্প সময়ে শুধু ফিটনেস তৈরি নয়, নিজের ফুটবল দর্শনের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেয়ার কাজটিও করতে হবে তাকে। দীর্ঘ বিরতির পর দলের সবাইকে শারীরিক ও কৌশলগত জায়গায় নিয়ে আসাই তার বড় চ্যালেঞ্জ। তবে এ প্রস্তুতির সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানছেন তপু। মাঠের বাইরে থাকার কারণে প্রথম সপ্তাহটা কঠিন হবে জানিয়ে তিনি বলেন, ‘অনেক দিন ধরে আমরা ফুটবলের বাইরে। যে কারণে হাতে থাকা সময়ের প্রতিটি সেশনকে কাজে লাগাতে মরিয়া খেলোয়াড়রা।’

আসিয়ান কাপে আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা। তিন প্রতিপক্ষই ফিফা রÅvংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে। দলগুলোর গতি ও শারীরিক ফুটবল সামলানোর চ্যালেঞ্জও নিতে হবে ডুলির শিষ্যদের।

এটা হতে যাচ্ছে আসিয়ান কাপের অভিষেক আসর। অংশ নেবে ১৪টি দল। দুই ডিভিশন ফরম্যাটে হবে আসরটির খেলা। প্রিমিয়ার ডিভিশনের খেলা হবে ইন্দোনেশিয়ায়, চ্যালেঞ্জ ডিভিশনের খেলা হবে হংকংয়ে। প্রিমিয়ার ডিভিশনে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলতে হবে বাংলাদেশ দলকে। আর ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, ফিলিপাইন, থাইল্যান্ড ও পাকিস্তান। চ্যালেঞ্জ ডিভিশনের ‘এ’ গ্রুপে হংকং, লাওস ও ব্রুনাই এবং ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, মিয়ানমার ও তিমুর-লেস্তে খেলবে। আগামী ৩ অক্টোবর চ্যালেঞ্জ ডিভিশন ও ৫ অক্টোবর প্রিমিয়ার ডিভিশনের ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন দল ১০ লাখ ডলার ও চ্যালেঞ্জ ডিভিশনের চ্যাম্পিয়ন ৩ লাখ ডলার প্রাইজমানি পাবে। অংশগ্রহণ ফি ১ লাখ ২৫ হাজার ডলার। সব মিলিয়ে টুর্নামেন্টের মোট প্রাইজমানি প্রায় ৪০ লাখ ডলার।

এদিকে আগামী ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে ধোঁয়াশা কাটেনি। সরকার কোনো অর্থায়ন করতে রাজি নয় বলে সরাসরি জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ফলে বাফুফে এখন বিভিন্ন স্পন্সর খুঁজছে। ফিফা উইন্ডোতে আগামী ৩ অক্টোবর স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ব্রাজিল ফুটবল দল। ভারতে খেলে বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখায় সেলেসাওরা। তবে সরকার অর্থসহায়তা দিতে রাজি না হওয়ায় ঢাকায় ব্রাজিল দলকে আতিথ্য দেয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

আরও