মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে রীতিমতো একতরফা দাপট দেখিয়েছে ফ্রান্স। মাত্র ৬ মিনিটের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পে আর উসমান দেম্বেলের গোলে ভর করে সেমিফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে দেশটি।
বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল এমবাপ্পেরা। মরক্কো শিবিরে আক্রমণের পর আক্রমণ করতে থাকে তারা। ম্যাচের ২৫তম মিনিটে এমবাপ্পেকে পেনাল্টি বক্সে ফাউল করেন নুসাইর মাজরাউই। পেনাল্টি পায় ফ্রান্স। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে৷ তার দুর্বল শট রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
তবে থেমে যায়নি ফ্রান্স। আক্রমণ অব্যাহত থাকলেও তাদের আটকে রেখেছিল মরক্কো। এক পর্যায়ে লুকা দিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে ফ্রান্স। মাত্র ৬ মিনিটের মধ্যে দুই গোল। এর মধ্যে ৬০তম মিনিটে বক্সের বেশ দূর থেকে দুর্দান্ত শটে প্রথম গোল করেন এমবাপ্পে। এর ৬ মিনিটের মাথায় তারই তৈরি করা সুযোগ থেকে উসমান দেম্বেলে করেন আরেক গোল। বক্সের ঠিক বাইরে দেম্বেলের নেয়া নিচু শট বুনুর হাত ছুঁয়ে জালে ঢুকে পড়ে।
ম্যাচের শেষ দিকে এসেও আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েছে দুপক্ষই। তবে শক্তিশালী ফরাসি দলের বিপক্ষে সুবিধা করতে পারেনি মরক্কো। শেষ পর্যন্ত ২-০ ব্যবধান নিয়ে মাঠ ছেড়েছে তারা। সেমিফাইনালে আগামী মঙ্গলবার ডালাসে তাদের প্রতিপক্ষ হবে স্পেন অথবা বেলজিয়াম।