উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্নের নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে রিয়ালের বিদায়

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। কেনের ওপর তুলনামূলক হালকা ফাউলের জন্য ক্যামাভিঙ্গাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি স্লাভকো ভিনসিচ—এতে ক্ষুব্ধ হয় রিয়াল শিবির। ম্যাচ শেষে উত্তেজনা চরমে পৌঁছায়, রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন গুলের

লুইস দিয়াজ ও মাইকেল অলিসের শেষ মুহূর্তের দুই গোলে ৪-৩ ব্যবধানে দারুণ এক জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠল বায়ার্ন।

গতকালের ম্যাচে ৮৯তম মিনিটে দিয়াজ এবং স্টপেজ টাইমে অলিসের গোল থেকে নিশ্চিত হয় বায়ার্নের জয়। সেমিফাইনালে বাভারিয়ানরা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি)।

বায়ার্নের মাঠে ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা। প্রথম মিনিটেই বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নুয়েরের বড় ভুলে এগিয়ে যায় অতিথি দল রিয়াল, সুযোগ কাজে লাগান আর্দা গুলের। পরে বায়ার্নের হয়ে হেডে সমতা ফেরান আলেকসান্ডার পাভলোভিচ। ২৯তম মিনিটে ফ্রি-কিকে দুর্দান্ত গোলে আবার এগিয়ে দেন গুলের।

৩৮ মিনিটে ইংলিশ তারকা হ্যারি কেন চলতি আসরে নিজের ১২তম গোল করে ম্যাচে সমতা আনেন। প্রথম লেগে স্পেনে ২-১ ব্যবধানে জেতা বায়ার্ন তখনো লড়াইয়ে ছিল। অন্যদিকে, ভিনিসিউস জুনিয়র পোস্টে বল লাগান এবং ৪২তম মিনিটে তার পাস থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

৮৬তম মিনিটে বদলি খেলোয়াড় এদুয়ার্দো ক্যামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নেমে আসে রিয়াল। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় বায়ার্ন। ৯৪তম মিনিটে গোল করে ম্যাচ থেকে রিয়ালকে ছিটকে দেন অলিস।

তবে ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। কেনের ওপর তুলনামূলক হালকা ফাউলের জন্য ক্যামাভিঙ্গাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি স্লাভকো ভিনসিচ—এতে ক্ষুব্ধ হয় রিয়াল শিবির। ম্যাচ শেষে উত্তেজনা চরমে পৌঁছায়, রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন গুলের।

রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘এ ধরনের ম্যাচে এমন ঘটনায় লাল কার্ড দেয়া অবিশ্বাস্য। আমরা খুবই হতাশ ও ক্ষুব্ধ।’

কেন বলেন, ‘এটা কঠিন ম্যাচ ছিল, আমরা জানতাম এটা কঠিনই হবে। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে রিয়াল মাদ্রিদের একটা বিশেষ যোগ আছে। আর তাদের হারাতে ও টুর্নামেন্ট থেকে বিদায় দিতে হলে সর্বোচ্চ পর্যায়ের খেলাটা খেলতেই হয়।’

চলতি মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা নিয়ে কেন বলেন, ‘আমি মনে করি এটা আমাদের অনেক কঠোর পরিশ্রমের পুরস্কার। শুধু আমি না, পুরো দল। আমার চারপাশের খেলোয়াড়দের ছাড়া এটা সম্ভব হতো না। আমার কাছে বিষয়টা হলো ধারা ধরে রাখা।’

সেমিতে আর্সেনাল, প্রতিপক্ষ অ্যাটলেটিকো

দিনের অন্য কোয়ার্টার ফাইনালে আর্সেনাল ০-০ ড্র করে স্পোর্টিং লিসবনের সঙ্গে। এতে দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে ওঠে ইংলিশ জায়ান্টরা। মিকেল আরতেতার দল খুব একটা ভালো খেলতে না পারলেও প্রথম লেগের লিড ধরে রাখে।

ফাইনালে ওঠার লড়াইয়ে আর্সেনালের প্রতিপক্ষ হবে আটলেতিকো মাদ্রিদ। গত মঙ্গলবার বার্সেলোনার কাছে ১-২ গোলে হেরেও ৩-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে জায়গা করে নেয় দিয়েগো সিমিওনের দল।

আরও