২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজ জয়ের পর আবারও লংগান ভার্সনে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এবার বাংলাদেশের মাঠে দুই টেস্টের সিরিজ। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই সিরিজে জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান দলনায়ক শান মাসুদ বলেছেন, রাওয়ালপিন্ডিতে হারের প্রতিশোধ নেয়ার কথা তিনি ভাবছেন না।
আজ বৃহস্পতিবার (৭ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে চাইব যে, ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচগুলো যেন আমরা জিতি এই চক্রে। ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, দলের কাছ থেকে, প্রথম ইনিংসে আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই চক্রটা আরো ভালো হবে।’
প্রথম ইনিংসে বড় সংগ্রহ চান শান্ত। তিনি বলেন, ‘(প্রথম ইনিংসে) চারশর বেশি রান যদি আমরা করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। একটা জিনিস বুঝতে হবে, একেকজনের খেলার ধরন একেক রকম। আমি চাই না যে, কেউ তা পরিবর্তন করুক। যে যেভাবে খেলতে পছন্দ করে, সে সেভাবেই খেলুক। রান করাটাই গুরুত্বপূর্ণ। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি কোনো সমস্যা নেই, যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার কোনো সমস্যা নেই।’
দুই দলের পেস আক্রমণে নিজ দলকে এগিয়ে রাখেন শান্ত। তিনি বলেন, ‘পেস বোলিং বিভাগে আমি বলব, দুই দলেরই ভালো পেস আক্রমণ। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলব, আমাদের পেস বোলিং আক্রমণ হয়তো সামান্য একটু এগিয়ে আছে। গত কয়েক বছর ধরে তারা যেভাবে বোলিং করছে। পাকিস্তান নিয়ে যখনই কথা বলি, সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা খুব ভালো দল ও খুব ভালো পেস বোলিং বিভাগ। তবে গত কয়েক বছর যেভাবে আমাদের পেস বোলাররা বল করছেন, তাদের কৃতিত্ব দিতেই হবে।’
শান্তর কথা ধরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শান মাসুদ বলেন, ‘তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী; আমি এখন পর্যন্ত যা দেখেছি, সম্ভবত এটিই তাদের সেরা আক্রমণ। আমরা দুই দলের বোলিং ইউনিটের মধ্যে কোনো তুলনায় যাব না, কারণ দুই পক্ষেই মানসম্পন্ন বোলার রয়েছে।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে হার নিয়ে শান মাসুদ বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে ‘‘প্রতিশোধ’’–এর মতো শব্দ ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম; যেমন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল—তখনো তারা লড়াই করে টেস্ট ম্যাচ জেতার মতো দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা।’