আবুধাবি টেস্ট

বাংলাদেশকে উৎকণ্ঠায় রাখলেন রহমত শাহ

প্রথম দিন ৮ উইকেটে ৩১৭ রান তোলা বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিন বাকি ২ উইকেট হারিয়ে বোর্ডে আরো ২৯ রান যোগ করতে সমর্থ হয়।

আবুধাবি টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ৪ উইকেটে ২১১ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে। ৮৪ রানে অপরাজিত থাকা আফগান দলনায়ক রহমত শাহ উৎকণ্ঠায় রেখেছেন নাজমুল হোসেন শান্তদের।

প্রথম দিন ৮ উইকেটে ৩১৭ রান তোলা বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিন বাকি ২ উইকেট হারিয়ে বোর্ডে আরো ২৯ রান যোগ করতে সমর্থ হয়। নাঈম হাসান ৩৫ রানে অপরাজিত থাকেন। এর আগে প্রথম দিন ব্যাট হাতে আলো ছড়ান তানজিদ হাসান (৮৩), সাদমান ইসলাম (৬৭) ও লিটন দাস (৫৩)। বাংলাদেশের স্কোরটা বড় হতে দেননি আফগানিস্তানের মোহাম্মদ সেলিম (৪ উইকেট) ও ইয়ামিন আহমাদজি (৩ উইকেট)।

লাঞ্চের আগে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ১১তম ওভারে তার বলে ফার্স্ট স্লিপে ক্যাচ দেন আতাল (৩১ বলে ১৭ রান)। ১ উইকেটে ৩৪ রান তুলে লাঞ্চে যায় আফগানিস্তান। বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন এবাদত হোসেন। ২১তম ওভারে তার বলে হাসান মাহমুদকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শহিদুল্লাহ।

সাদিকুল্লাহ আতাল ও শহীদুল্লাহর উইকেট হারানোর পর দলকে টানছিলেন অধিনায়ক রহমত শাহ ও আব্দুল মালিক। ৭০ রানে এ জুটি ভেঙেছেন এবাদত। তার বলে উইকটেকিপার লিটন দাসকে ক্যাচ দেন মালিক (১২০ বলে ৬২)। পরের ওভারে সাবেক অধিনায়ক হাশমতুল্লাহ শহিদিকে (০) সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ।

এরপর ইকরাম আলিখিলকে (২৬*) নিয়ে ১৯৪ বল মোকাবেলায় ৭২ রান যোগ করে টাইগারদের ভুগিয়েছেন রহমত শাহ (৮৪*)।

আরও