শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের স্পিনে টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল বাংলাদেশ। আজ শুক্রবার হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তুলেছিল বাংলাদেশ। এরপর মেহেদী ও রিশাদ অনবদ্য বোলিংয়ে স্বাগতিক দলকে ১৫২ রানে অলআউট করে দেন।
সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম ১২০ রানের জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন। তানজিদ ৪৪ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৮ এবং সাইফ ৪৫ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৫ রান করেন। এছাড়া, মোহাম্মদ সাইফ উদ্দিন ১০ বলে ৩১ ও ইয়াসির আলী ১২ বলে ২২ রান করেন। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন।
বড় টার্গেট তাড়া করতে নেমে মেহেদী (৩/২৪) ও রিশাদের (৪/২৬) ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় সিকান্দার রাজার দল। এ দুজন মিলে ৭ উইকেট শিকার করেন। এছাড়া, নাহিদ রানা, সাইফউদ্দিন ও সাইফ হাসান নেন একটি করে উইকেট।
শেষ দিকে আতঙ্ক ছড়ানো ব্র্যাড ইভান্সকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাইফউদ্দিন। বল ও ব্যাট হাতে নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন সাইফউদ্দিন।
রোববার একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।