বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে অ্যাড-হক কমিটি

নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে অ্যাড-হক কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির তৃতীয় বোর্ডসভা ছিল আজ সোমবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিসিবির আসন্ন নির্বাচনের প্রক্রিয়া শুরু করা।

বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাড-হক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল। আজ থেকে সেই কমিটিগুলো বিলুপ্ত হয়ে গেছে।

বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে ওই নোটিশে। কাউন্সিলর হয়ে থাকেন তিনটি ক্যাটাগরিতে— ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো), ক্যাটাগরি–২ (ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৭৬টি ক্লাব) ও ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা)।

তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন, জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন করতে চান তারা। এই নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে অ্যাড-হক কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া, আগামী দুই বছরের জন্য কোকা-কোলা বাংলাদেশকে অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন করেছে বোর্ড।

আরও