ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ম্যাচ পরিচালনায় রেফারিকে আপসহীন হওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে রেফারিকে নিয়মের কঠোর প্রয়োগ করতে হবে এবং মাঠে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটি পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। স্প্যানিশ দৈনিক স্পোর্ট-কে দেয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচকে ম্যাচটি নিয়ন্ত্রণে রাখতে দৃঢ় ভূমিকা পালন করতে হবে। রেফারি কোনোভাবেই অতিরিক্ত শিথিলতা দেখাতে পারেন না কিংবা খেলার নিয়ম অতিক্রম করতে দিতে পারেন না। ফুটবলের বৈধ সীমারেখা লঙ্ঘনের সুযোগ দেয়া মোটেও উচিত হবে না।
তবে একই সঙ্গে ম্যাচ পরিচালকদের প্রতি নিজের আস্থার কথাও জানান তিনি। রেফারিদের প্রতি নিজের বিশ্বাসের কথা পূর্ণব্যক্ত করে বলেন, একই সঙ্গে আমরা খুব ভালো করেই জানি, আমাদের ঠিক কী ধরনের ম্যাচ খেলতে হবে।
সাক্ষাৎকারে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন দে লা ফুয়েন্তে। মজার ব্যাপার হলো, কোচিং কোর্সে স্কালোনির প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তেই। তবে মাঠের বাইরে বন্ধুত্ব থাকলেও, মাঠের লড়াইয়ে নিজেদের ফুটবল দর্শনেই অটল থাকতে চান তিনি।
তিনি বলেন, আর্জেন্টিনা তাদের নিজস্ব স্টাইলে খেলবে। কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকবে নিজেদের খেলায়, আমাদের নিজস্ব স্টাইলকে আরো কার্যকর করে তোলার দিকে। আমরা যদি আমাদের স্টাইল ও খেলার ধরণ থেকে সরে যাই, তবে আমাদের ভুগতে হবে।
তিকিতাকা ও বল পজিশন ধরে রাখায় পারদর্শী স্পেন যে নিজেদের চেনা রূপেই থাকবে, তা নিশ্চিত করে কোচ বলেন, আমরা বল দখলভিত্তিক ফুটবল খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। নিজেদের দর্শনের প্রতি বিশ্বস্ত থাকতে চাই। আমরা কোনো ধরনের উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর অর্থ এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।
সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিজের রোমাঞ্চ ও পরিকল্পনার কথা জানান স্পেনের কোচ। তিনি বলেন, ফাইনালে ওঠা অনেক বড় অর্জন। এখন আমাদের লক্ষ্য শিরোপার জন্য লড়াই করা। নিজেদের শক্তি ও সামর্থ্য কাজে লাগিয়ে প্রতিপক্ষের শক্তি যতটা সম্ভব নিষ্ক্রিয় করার চেষ্টা করব। আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল এবং তাদের সাম্প্রতিক সফলতা উল্লেখ করার মতো। তবে আমরাও মুহূর্তটি উপভোগ করছি এবং বিশ্বাস করি, আমাদেরও ট্রফি জেতার সমান সুযোগ রয়েছে।
আর্জেন্টিনাকে অনেকে ‘রুক্ষ’ বা ‘ অ্যাগ্রেসিভ’ দল হিসেবে আখ্যা দিলেও, সে বিতর্কে জড়াতে চাননি দে লা ফুয়েন্তে। বন্ধুর দলের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, আমি সবার মতামতকে সম্মান করি। যারা টানা দুইবার কোপা আমেরিকা জিতেছে, যারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং আমার এক প্রিয় বন্ধু যে দলটিকে পরিচালনা করছে—তাদের প্রতি আমার কেবল শ্রদ্ধা ও প্রশংসাই রয়েছে। আমরা প্রত্যেকেই মাঠে নিজেদের সেরা ফুটবলীয় অস্ত্র নিয়েই লড়াইয়ে নামব।