হঠাৎই ঢাকায় আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ রোববার দুপুরে তিনি ঢাকায় পৌঁছান। তিনি মরক্কো থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করছেন।
ফিফা সভাপতি হিসেবে ভীষণ চাপে থাকা ইনফান্তিনো কোনো আনুষ্ঠানিক সফরে ঢাকায় আসেননি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় যাত্রাবিরতি নিয়েছেন তিনি।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনফান্তিনোকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সেখানে তার সঙ্গে বাফুফে সভাপতির সংক্ষিপ্ত বৈঠক হয়েছে। এ সময় বাফুফে সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী, মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম এবং বাফুফের জেনারেল সেক্রেটারি ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন।
চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ফিফা আসিয়ান কাপের ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল। সেখানে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, পুরুষ ও নারী ফুটবল, বয়সভিত্তিক প্রতিযোগিতা ও ফিফার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
আগামী বছর মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছেন সুইস নাগরিক ইনফান্তিনো। নির্বাচনী প্রচারণাও তিনি শুরু করে দিয়েছেন।