কৃতী এ ফাস্ট বোলার বাংলাদেশ দলের হয়ে নিয়মিত পারফর্ম করে চলেছেন। তার স্বীকৃতিও মিলল। এপ্রিলের জন্য আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে খেলে ৮ উইকেট নেন রানা। ওই পারফরম্যান্সই তাকে মাসসেরা বানিয়েছে।
শুধু ওই সিরিজেই নয়, এর আগে কিংবা পরেও তিনি উজ্জ্বল। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি ৮ উইকেট নেন। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টেও বীরত্ব দেখান আগুন ঝরানো বোলিং করে।
নাহিদ রানার জন্য এ স্বীকৃতি প্রথমবার হলেও বাংলাদেশ থেকে আরো কয়েক ক্রিকেটার এ সম্মান পেয়েছেন। গত বছরের এপ্রিলে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মাসসেরা হন। এছাড়া এ স্বীকৃতি পেয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান (২ বার)।
নাহিদ পেছনে ফেলেছেন জতিন্দর সিং ও অজয় কুমারকে। নারী বিভাগে পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট। তিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি ও লরা কার্ডোসো।
মাসসেরা নাহিদ রানা আইসিসিকে প্রতিক্রিয়ায় বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ এক অনুভূতি। এটি দেশের মাটিতে পারফর্ম করতে পারা সিরিজটিকে আরো বিশেষ করে তুলেছে এবং সিরিজটি আমি সবসময় মনে রাখব। পুরো সময়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরো জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চাই।’