আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হবে ২০তম এশিয়ান গেমস। এই আসরের ফুটবলে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী দল। আজ বৃহস্পতিবার নাগোয়া শহরে মেয়েদের ইভেন্টের ড্রতে ‘বি’ গ্রুপে শক্তিশালী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াকে পেয়েছে বাংলাদেশ। ঋতুপর্ণা চামকাদের আরেক প্রতিপক্ষ প্রতিবেশী দেশ মিয়ানমার।
এশিয়ান গেমসে এর আগে মাত্র একবার খেলেছে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচে এক ড্র ও দুই হারে বিদায় নিতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। জাপান, ভিয়েতনাম ও নেপালের গ্রুপে খেলে তিন ম্যাচে ১৫ গোল হজম করেছিলেন ঋতুপর্ণারা। বিপরীতে তারা প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছিলেন মাত্র দুবার। তিন ম্যাচে ২৩ গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া জাপানই শেষ পর্যন্ত স্বর্ণপদক জিতে নিয়েছিল।
এবার লাল-সবুজ জার্সিধারী মেয়েদের জন্য চ্যালেঞ্জটা আরো কঠিন। উত্তর কোরিয়া এই প্রতিযোগিতায় তিনবার চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে। দক্ষিণ কোরিয়া এশিয়ান গেমসে দশবার অংশ নিয়ে জিতেছে তিনটি ব্রোঞ্জপদক।
বাংলাদেশ জয়ের আশা করতে পারে মিয়ানমারের বিপক্ষে। মিয়ানমারের মেয়েরা এশিয়ান গেমস ফুটবলে একবার অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
এশিয়ান গেমসের নারী ফুটবলে অংশ নেবে ১২টি দল, যারা তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং ‘সি’ গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং খেলবে।
মেয়েদের ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান।
প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে তৃতীয় হওয়া তিন দলের দুটি পাবে নকআউটের টিকিট।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে ২০তম এশিয়ান গেমস।