হাইতির বিপক্ষে জয়ের পর ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর দিলেন দলের কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আগামীকাল একা অনুশীলন করবেন নেইমার। এরপর সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।
এবারের বিশ্বকাপে এরই মধ্যে গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথমটি মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও হাইতির বিপক্ষে ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পায় দলটি। তবে পেশির চোটের কারণে এ দুই ম্যাচ মাঠের বাইরে ছিলেন নেইমার।
বিশ্বকাপ শুরুর আগে গত মাসে সান্তোসের বিপক্ষে খেলার সময় ডান পায়ের মাংশপেশিতে চোট পান নেইমার। তার চোট জর্জর ক্যারিয়ারের সর্বশেষ সংযোজন এটি। একের পর এক চোটের থাবায় প্রায় তিন বছর ধরে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না তিনি।
ইনজুরি নিয়ে সর্বশেষ গত ১৭ মে মাঠ ছাড়েন নেইমার। তখন তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারের পেশি সামান্য ফুলে গেছে। ইনজুরির পরও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়। এর সপ্তাহখানেক পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তিনি। তখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের পেশির চোট গ্রেড-২ পর্যায়ের। তিন সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠবেন। সে সময়সীমা গত ১৭ জুন শেষ হয়েছে।
এখন সেরে উঠে মাঠে ফেরার খুব কাছেই আছেন নেইমার। গত বুধবার আলাদাভাবে অনুশীলন সেশনে বুট পরে বল নিয়ে ওয়ার্ম-আপ করার পর, তাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। এর আগে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে দলের ট্রেনিং সেন্টারে ইনডোরে অনুশীলন করছিলেন তিনি।
হাইতি ম্যাচের পর আনচেলত্তি জানিয়েছেন, আরো দু-একদিন এভাবে অনুশীলন চালিয়ে যাবেন নেইমার। এরপর পুরোদমে শুরু করবেন দলীয় অনুশীলন।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে বেশ আশাবাদী আনচেলত্তি।