স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানে ওয়েস্ট ইন্ডিজের সাবেক কৃতী ব্যাটার ক্রিস গেইলের বিশ্ব রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার লুয়ান-ড্রি প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে ব্লুমফন্টেইনে পুল ‘বি’র ম্যাচে নাইটসের বিপক্ষে ৭৯ বলে ১৫টি চার ও ১৩টি ছক্কায় ১৮৮ রান করেন প্রিটোরিয়াস। এ ইনিংসের মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। আর ১২টি রান করতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়তে পারতেন ২০ বছর বয়সী প্রিটোরিয়াস।
এতদিন এ বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন ক্রিস গেইল। ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে ১৩ চার ও ১৭ ছক্কায় ১৭৫ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন তখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা গেইল। দীর্ঘ ১৩ বছর পর ক্যারিবীয় সুপারস্টারের বিশ্ব রেকর্ড দখলে নিলেন প্রিটোরিয়াস।
বিশ্ব রেকর্ড গড়ার পথে ২৪ বলে হাফ সেঞ্চুরি, ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন প্রিটোরিয়াস। এ সময় ১২টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি। এরপর ৫৮ বলে ১৫০ রান স্পর্শ করেন প্রিটোরিয়াস। ইনিংসের ১৯তম ওভারের প্রথম দুই বলে ১০ রান তুলে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙেন তিনি। শেষ পর্যন্ত ৭৯ বলে ১৫টি চার ও ১৩টি ছক্কায় ১৮৮ রানে অপরাজিত থাকেন প্রিটোরিয়াস।
প্রোটিয়া ব্যাটারের বিশ্ব রেকর্ড গড়া ইনিংসের ওপর ভর করে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান করে টাইটানস। জবাবে নাইটরা ১৭.২ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে গেলে ১২৪ রানের বিশাল জয় পায় টাইটানস।
দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে টেস্টে ২৩৫, ওয়ানডেতে ১৪২ ও টি-টোয়েন্টিতে ৪২৭ রান করেছেন তিনি। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯১ ম্যাচে ২ হাজার ৫৭৭ রান করেছেন প্রিটোরিয়াস।