ইতালির সারা এরানি ও আন্দ্রেয়া ভাভাসোরি গত বছর ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপাজয়ী। কিন্তু এ বছর বদলে যাওয়া ইভেন্টে তারা শিরোপা ধরে রাখতে পারবেন কিনা, সেটি ছিল চরম অনিশ্চিত। আয়োজকরা টুর্নামেন্টকে নতুন করে সাজিয়েছেন। তারা চেয়েছেন যেন মিশ্র দ্বৈতে অংশ নেন এককের শীর্ষ তারকারা।
তারকাদের ভিড়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছেন এরানি ও ভাভাসোরি জুটি। বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) অনুষ্ঠিত ফাইনালে পোলিশ সুপারস্টার ইগা সিয়ানতেক ও নরওয়েজিয়ান তারকা ক্যাসপার রুড জুটিকে ৬-৩, ৫-৭, ১০-৬ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইতালির ডাবলস স্পেশালিস্ট জুটি।
পরিবর্তিত ফরম্যাট আর সূচিতে ব্যস্ত সময় কাটাতে হয় এরানি ও ভাভাসোরিকে। তারা দুই দিনে চার ম্যাচ খেলেছেন। অবশেষে তারাই হেসেছেন শিরোপার হাসি। চ্যাম্পিয়ন হিসেবে দুজন পেয়েছেন ১০ লাখ ডলার প্রাইজমানি। রানার্সআপ হিসেবে সিয়ানতেক ও রুড জুটি পেয়েছেন ৪ লাখ ডলার।
এবারের মিশ্র দ্বৈতে অংশ নিয়েছেন এককে সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, নোভাক জোকোভিচ, এমা রাদুকানু, নাওমি ওসাকা ও দানিল মেদভেদেভ। যারা প্রত্যেকেই প্রথম দিন হেরে গেছেন। তবে তাদের ছাড়াও বুধবার রাতের তিনটি ম্যাচে গ্যালারি দর্শকে ঠাসাই ছিল।
রোববার শুরু হবে এককের লড়াই। এককে গতবার ইতালির ইয়ান্নিক সিনার ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা শিরোপা জিতে নেন