বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন জার্মান-আমেরিকান কোচ টমাস ডুলি। আজ শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। এদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
ওই পোস্টে বাফুফে জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান টমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত।
বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন। এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।
পোস্টে আরো বলেন, কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা। তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিং।
সবশেষে তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবকটিতেই জয় পায়।
বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরো প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন টমাস ডুলি।