বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ গোলে সমতায় থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। এর পর নাটকীয় ফলাফলে ৩-১ গোলে জেতে গতবারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় আজ সকালের এ ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্রিল এমবোলো লাল কার্ড দেখায় ১০ জনের দল নিয়ে খেলতে হয় সুইজারল্যান্ডকে।
আর্জেন্টিনার হয়ে ম্যাচের ১০তম মিনিটে লিওনেল মেসির নেয়া কর্নার থেকে গোল করেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান দান এনদোয়ে। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখে সুইসরা। এর পর ৯৪ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ২-১ গোলে এগিয়ে নেন হুলিয়ান আলভারাজ। ১২১ মিনিটে গোল করেন লাউতারো মার্তিনেজ।
আর্জেন্টিনা আগামী বুধবার আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এর আগে বাংলাদেশ সময় আজ ভোর রাতে ২-১ গোলে নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড।