দুয়ারে কড়া নাড়ছে প্যারিস অলিম্পিক

প্যারিস অলিম্পিক শুরু হতে আর ৯৬ দিন বাকি। গত বুধবার শুরু হয় ১০০ দিনের ক্ষণগণনা। এর মধ্য দিয়েই সাহিত্য ও সংস্কৃতির নগরীতে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের অপেক্ষা শুরু হলো।

প্যারিস অলিম্পিক শুরু হতে আর ৯৬ দিন বাকি। গত বুধবার শুরু হয় ১০০ দিনের ক্ষণগণনা। এর মধ্য দিয়েই সাহিত্য ও সংস্কৃতির নগরীতে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের অপেক্ষা শুরু হলো। 

২০২০ সালের টোকিও অলিম্পিক গেমস কভিড-১৯ মহামারীর কারণে এক বছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়। সেই হিসেবে তিন বছরের ব্যবধানে আরেকটি অলিম্পিক গেমস আসর বসছে। করোনা মহামারীর ধাক্কা সামলে এবার দর্শক টানতে পারবে কি প্যারিস?

আগামী ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হবে। যদিও খেলা শুরু হয়ে যাবে তারও দুদিন আগে। ২৪ জুলাই ফুটবল, রাগবি সেভেন, হ্যান্ডবল ও আরচারির নানা ইভেন্ট শুরু হবে। প্যারিস অলিম্পিক গেমস চলবে ১১ আগস্ট পর্যন্ত।

এবার অলিম্পিকে বেশির ভাগ খেলাই হবে প্যারিস প্রাণকেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়েছে ভিন্নতা। প্যারিসের সিন নদীর তীরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অ্যাথলিটরা নৌকায় চড়ে সিন নদীতে ঘুরবেন। অলিম্পিক ইতিহাসে এ প্রথম মূল স্টেডিয়ামের বাইরে নেয়া হলো উদ্বোধনী অনুষ্ঠান। 

প্যারিসের ঠিক উত্তরে সেন্ট ডেনিস অঞ্চলে অবস্থিত ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদ দ্য ফ্রান্স এবারের অলিম্পিকের মূল ভেন্যু। এখানেই হবে সমাপনী অনুষ্ঠান। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফুটবল ক্লাবের হোম ভেন্যু দ্য পার্ক দেস প্রিন্সেসে অলিম্পিক গেমসের সব ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া টেনিস ও বক্সিংয়ের সব খেলা হবে ফ্রেঞ্চ ওপেনের ভেন্যু রোলাঁ গাঁরোয়। বিস্ময়কর হলেও সত্য—প্যারিস অলিম্পিকের সার্ফিং খেলা অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ পলিনেশিয়ার দ্বীপ তাহিতিতে, যেটি প্যারিস থেকে ১০ হাজার মাইল দূরে অবস্থিত। তাহিতি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ, যা ফ্রান্সের অধিভুক্ত অঞ্চল। 

গেমসের ৯৫ শতাংশ ভেন্যুই আগে থেকে ছিল কিংবা অস্থায়ীভাবে নির্মিত। শুধু অ্যাকুয়াটিক সেন্টারটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। ফলে টোকিও অলিম্পিক গেমস কিংবা কাতার ফুটবল বিশ্বকাপের মতো মেগা বাজেট লাগছে না প্যারিসের। 

ডাটা নিয়ে কাজ করা নিয়েলসেনের মতে, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে সর্বোচ্চ ১২৩টি পদক জিতবে যুক্তরাষ্ট্র। টিম ইউএস প্রত্যাশা পূরণ করতে পারলে টানা অষ্টমবারের মতো গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে পদক তালিকায় শীর্ষে থাকবে। তারা ৩৯টি স্বর্ণ, ৩৭টি রৌপ্য ও ৪৭টি ব্রোঞ্জ পদক জিতবে বলে পূর্বাভাস দিয়েছে গ্রেসনোট। 

প্রাইজমানি দিতে চলেছে অ্যাথলেটিকস ফেডারেশন: অলিম্পিকের ১৩০ বছরের দীর্ঘ ইতিহাসে প্রাইজমানি প্রদানের কোনো নজির নেই। এবারই প্রথম পদক দেয়া হবে। তবে সব খেলায় নয়। শুধু অ্যাথলেটিকসের খেলাগুলোয় প্রাইজমানি দেয়ার ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। তারাই প্রথম ইন্টারন্যাশনাল ফেডারেশন হিসেবে অলিম্পিকে প্রাইজমানি দিতে চলেছে। বিশ্ব অ্যাথলেটিকসের সর্বোচ্চ সংস্থাটি প্যারিস অলিম্পিকের জন্য মোট ২৪ লাখ ডলার প্রাইজমানির ঘোষণা দিয়েছে। অ্যাথলেটিকসে স্বর্ণজয়ী পাবেন ৫০ হাজার ডলার। তবে রৌপ্য ও ব্রোঞ্জজয়ীরা কোনো প্রাইজমানি পাবেন না। বাকি দুই পদকজয়ীরা প্রাইজমানি পাবেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস আসর থেকে। 

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান লর্ড কো প্রাইজমানি প্রদানের সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বিবিসিকে বলেছেন, তার সংস্থাটি অ্যাথলিটদের জন্য ‘টেকসই আর্থিক ব্যবস্থা’ তৈরি করতে চায়। 

প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকসে মোট ৪৮টি ইভেন্ট থাকবে। রিলেতে স্বর্ণজয়ীরা প্রাইজমানি নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন। 

এ প্রাইজমানি অলিম্পিকের চেতনাবিরোধী কিনা? এমন প্রশ্নের জবাবে সেবাস্তিয়ান কো বলেন, ‘আমি মনে করি না, এটা অ্যাথলিটদের জীবন অনেকটা সহজ করে দেবে। এটা বরং খেলাটির প্রতি তাদের আগ্রহ বাড়াবে এবং আরো কিছুদিন থাকার প্রেরণা জোগাবে। অনুশীলন করার ক্ষেত্রে তাদের আর্থিক স্বাধীনতা এনে দেবে। কাজেই এখানে অলিম্পিকে নীতি ও চেতনা নিয়ে কোনো সমস্যা হবে না।’

রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটরা যেভাবে অংশ নেবেন: ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোয় রাশিয়া ও তাদের মিত্র দেশ বেলারুশ অলিম্পিকে নিষিদ্ধ। তবে তাদের অ্যাথলিটরা নিরপেক্ষ হিসেবে অংশ নিতে পারবেন। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তারা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এমনকি পদক জিতলে তাদের দেশের জাতীয় সংগীত বাজবে না কিংবা উড়বে না জাতীয় পতাকা।

নিরাপত্তা ব্যবস্থা: অলিম্পিক গেমসের নিরাপত্তা দিতে ২০ হাজার সৈন্য ও ৪০ হাজার পুলিশ নিয়োগ করতে চলেছে ফ্রান্স সরকার। এছাড়া অন্য দেশ থেকে আরো দুই হাজারের মতো সৈন্য ও পুলিশ নিরাপত্তার কাজে যুক্ত হবে। 

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ লাখ মানুষ তল্লাশির আওতায় থাকবে। অ্যাথলেট, অলিম্পিক ভেন্যুর নিকটবর্তী বাসাবাড়ি, মেডিকেল স্টাফ ও ভলান্টিয়ারদের দেহ নিয়মিত তল্লাশি করা হবে। 

ড্রোন আক্রমণের শঙ্কায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক উপস্থিতি কমিয়ে ফেলা হয়েছে। প্যারিসের কেন্দ্রে অবস্থিত সিন নদীতে নৌকায় চড়ে ছয় কিলোমিটারের মতো এলাকা ঘুরে বেড়াবেন অ্যাথলিটরা। প্রথমে ছয় লাখ দর্শককে নদীর তীর থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের সুযোগ দেয়ার কথা ছিল। যদিও এখন সেই সুযোগ পাবেন তিন লাখ আমন্ত্রিত অতিথি। 

এদিকে, প্যারিস অলিম্পিক সামনে রেখে গত মঙ্গলবার মশাল প্রজ্বালন সম্পন্ন হয়েছে। প্রাচীন অলিম্পিকের জন্মস্থান অলিম্পিয়ায় শিখা প্রজ্বালনের আয়োজন দেখতে বিশিষ্ট ব্যক্তিরা ও জনসাধারণ স্টেডিয়ামে জড়ো হন। এ স্টেডিয়ামেই খ্রিস্টপূর্ব ৭৭৬ সালে প্রাচীনতম অলিম্পিক গেমস আয়োজনের রেকর্ড পাওয়া যায়। প্রাচীন গ্রিসের ঐতিহ্য ও মূল্যবোধে অনুপ্রাণিত একটি কোরিওগ্রাফিক ইভেন্টে হেরা মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে প্রাচীন পুরোহিতদের পোশাক পরা অভিনেত্রীরা স্টেডিয়ামে প্রবেশ করেন। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক থেকে এ ধরনের কোরিওগ্রাফিক ইভেন্টের আয়োজন করা হচ্ছে।

এবারের অলিম্পিক মশাল রিলের প্রথম রানার হলেন অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী রোয়ার স্টেফানোস এনটুসকোস।

রিলের প্রথম ধাপে ৬০০ জনেরও বেশি বিখ্যাত অ্যাথলিট ও সাধারণ জনগণের হাতে ১১ দিন ধরে মশালটি গ্রিসে পাঁচ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করবে। মশালটির ভ্রমণ শেষ হবে এথেন্সের কেন্দ্রে অবস্থিত প্যানাথিনাইক স্টেডিয়ামে। ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান এ স্টেডিয়ামেই হয়েছিল। এখানেই ২৬ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে মশালটি প্যারিস অলিম্পিকের আয়োজকদের হাতে তুলে দেয়া হবে।

এরপর মশালটি বেলেম নামের একটি তিন মাস্তুল বিশিষ্ট জাহাজে করে ফ্রেঞ্চ বন্দরনগরী মার্সেইয়ের উদ্দেশে যাত্রা করবে। এটি ৮ মে ফ্রান্সে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সেখানেই রিলের পরবর্তী ধাপ শুরু হবে। এ ধাপে এটি প্রায় ১০ হাজার মশালবাহকের মাধ্যমে ২৬ জুলাই প্যারিসের অলিম্পিক কোলড্রনে পৌঁছাবে। সেখানে সমাপনী অনুষ্ঠানের আগ পর্যন্ত আরো দুই সপ্তাহ থাকবে।

আগামী ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্যারালিম্পিক গেমসেও মশালটি প্রজ্বলিত থাকবে। প্যারালিম্পিক উপলক্ষে এক হাজার মশালবাহক ৫০টি ফ্রেঞ্চ শহরের মধ্য দিয়ে মশালটির রিলে সম্পন্ন করবেন।

একনজরে প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিক

* ৩২৯ ইভেন্টে অংশ নেবেন ১০ হাজার ৫০০ অ্যাথলিট

* অলিম্পিকে অংশ নেবেন ২০৬টি দেশের অ্যাথলিটরা।

* প্যারিস অলিম্পিকে মোট দেড় কোটি দর্শনার্থীর প্রত্যাশা আয়োজকদের। 

* অলিম্পিকের মূল ভেন্যু উত্তর প্যারিসের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়াম। এছাড়া অলিম্পিকের জন্য ১৫টি ও প্যারালিম্পিকের জন্য ১১টি সিটি সেন্টার রয়েছে। যেমন সাইক্লিং অনুষ্ঠিত হবে পন্ত ডি’ইয়েনায়। আর ম্যারাথনের শুরু ও সমাপ্তি হবে হোটেল ডে ভিলা অ্যান্ড লা ইনভালিদেস।

আরও